সেপ্টেম্বরে ‘এ ফোন’!
অ্যাপলের আইফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে অনলাইন রিটেইলার আমাজন একটি স্মার্টফোন বাজারে আনতে পারে। চলতি বছরের শেষ নাগাদ এই স্মার্টফোন বাজারে ছাড়তে পারে ‘কিন্ডল ফায়ার’ ট্যাবলেটের নির্মাতাপ্রতিষ্ঠান আমাজন।৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার শান্তা মনিকাতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, এ অনুষ্ঠানেই আমাজন প্রথম স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দেবে। এক খবরে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন।অবশ্য আমাজন সংবাদ সম্মেলনের বিষয় নিয়ে মুখ খোলেনি। শুধু সংবাদ সম্মেলনে যাওয়ার কথাই লিখেছে। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, চলতি বছরে অ্যাপলের আইফোনের নতুন সংস্করণ বাজারে আসতে পারে। আইফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই কিন্ডল ফায়ার ব্র্যান্ডের স্মার্টফোন বাজারে আনবে প্রতিষ্ঠানটি।প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ জেলি বিন চালিত আমাজনের এই স্মার্টফোনের নাম ‘এ ফোন’ রাখতে পারে প্রতিষ্ঠানটি। আমাজন কর্তৃপক্ষ অবশ্য তাদের পরিকল্পনার কথা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি, আবার স্মার্টফোন বাজারে আনার খবরটি একেবারে উড়িয়েও দেয়নি।২০১১ সালের শেষ দিকে বাজারে আসা কিন্ডল ফায়ার ট্যাবলেটের চেয়ে স্মার্টফোনটির আকার ছোট হতে পারে। এই স্মার্টফোনে আমাজন অ্যাপ স্টোর, থ্রিডি ম্যাপ-সেবার সুবিধা যুক্ত করতে পারে প্রতিষ্ঠানটি।