সেবা খাত দেশের বেকারত্ব কমিয়ে আনবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে কর্মসংস্থানের অভাব রয়েছে। এটি কাটিয়ে ওঠার জন্য সেবাভিত্তিক পেশার মান উন্নয়ন করতে হবে। অধিক প্রবৃদ্ধি হলেও উন্নত ব্যবস্থাপনার অভাবে এই খাত এগোতে পারছে না। এতে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে তথ্যপ্রযুক্তি। তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে এ খাতের উন্নয়ন হলে দেশে বেকারদের সংখ্যা কমে আসবে। গতকাল বুধবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত ‘বেসিস সফট এক্সপো ২০১২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা বলেন। তিনি জানান, শিগগিরই জনতা টাওয়ারের সফটওয়্যার টেকনোলজি পার্ক চালু হবে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ইসলাম বলেন, সফটওয়্যার রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ অনেক অগ্রসর হয়েছে।অনুষ্ঠানে বেসিসের সভাপতি মাহবুব জামান বলেন, ‘আমাদের দেশের আউটসোর্সিংয়ের কার্যক্রম পর্যবেক্ষণ করে এ বছরই পেপ্যাল বাংলাদেশে কাজ শুরু করবে বলে পেপ্যাল কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে।’ নেদারল্যান্ডস দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ক্যারেল রিচার বলেন, ‘আমাদের দেশের সরকার বাংলাদেশের তথ্যপ্রযুক্তির উন্নয়নে যৌথভাবে কাজ করে যাচ্ছে। দিন দিন এই কার্যক্রম আরও বাড়ছে পাচ্ছে।’ অনুষ্ঠানে সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ (এটুআই) কর্মসূচির জাতীয় প্রকল্প পরিচালক নজরুল ইসলাম খান, বেসিসের মহাসচিব ফোরকান বিন কাশেম, মেলার আহ্বায়ক তামজিদ সিদ্দিক, মেলার প্রধান পৃষ্ঠপোষক জিপিআইটির প্রধান আর্থিক কর্মকর্তা ক্রিস্টিনা থেরনসহ অনেকে বক্তৃতা করেন।সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের দেশি-বিদেশি ১৮০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এ মেলায়। আয়োজনে সহযোগিতা করছেতথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় এবং সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি।গতকাল সকালে উদ্বোধনের পর মেলা কিছুটা সময় খোলা ছিল।তবে মেলা প্রাঙ্গণবঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অন্য একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকায় নিরাপত্তার কারণে বেলা একটা থেকে প্রায় পাঁচ ঘণ্টা মেলা বন্ধ ছিল।সন্ধ্যা ছয়টা থেকে সফটএক্সপো সবার জন্য খুলে দেওয়া হয়। এবারের মেলায় আলাদা সাতটি এলাকায় বিশেষায়িত সফটওয়্যার প্রদর্শন করা হচ্ছে। এই মেলা আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত ।বিস্তারিত জানা যাবে www.softexpo.com.bd ঠিকানার ওয়েবসাইটে। —মোছাব্বের হোসেন