সেবার পথের পথিক

কথায় আছে, ‘স্বাস্থ্যই সকল সুখের মূল’। কথাটার গুরুত্ব বোঝা যায় যখন সামান্য সর্দিকাশিও আমাদের কাবু করে ফেলে। আর অসুখের অসহায় সময়ে যে পেশার মানুষগুলো রাত-দিন উজাড় করে আমাদের সেবাযত্ন ও চিকিৎসা দিয়ে ভালো করে তোলেন, তাঁরা হলেন চিকিৎসক। পুরো পৃথিবীতেই অত্যন্ত সম্মানজনক পেশা হিসেবে বিবেচিত এই পেশা।
তবে সাদা অ্যাপ্রনটি পাকাপোক্তভাবে গায়ে জড়িয়ে, স্টেথোসকোপটা গলায় নিয়ে রোগী দেখার পর্ব শুরু করতে বেশ কাঠখড়ই পোড়াতে হয় একজন মেডিকেল শিক্ষার্থীকে। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে স্কুল-কলেজের গণ্ডিটা পার হওয়ার পরে বসতে হয় বেশ কঠিন এক ভর্তি পরীক্ষায়। বাংলাদেশে এখন সরকারি মেডিকেল কলেজের সংখ্যা ২২, আর বেসরকারি মেডিকেল ৫৪টি। এ ছাড়া রয়েছে সরকারি ডেন্টাল ১০টি ও বেসরকারি ডেন্টাল কলেজ ১৮টি। এ বছর মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় নয় হাজার ১৯৪টি আসনের জন্য ভর্তি পরীক্ষা দেয় প্রায় ৭০ হাজার পরীক্ষার্থী। ভর্তি-ইচ্ছুকদের এই সংখ্যা প্রতিবছরই বৃদ্ধি পাচ্ছে।
তবে এত কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাঁরা মেডিকেল অথবা ডেন্টাল কলেজে নিজের পড়াশোনাটা শুরু করতে পারেন, তাঁদের যাত্রা বলতে গেলে সবে শুরু হয়। বাংলাদেশে একজন মেডিকেল শিক্ষার্থীকে লাইসেন্সধারী চিকিৎসক হিসেবে রোগী দেখা শুরু করার ধাপটির নাম হলো ‘এমবিবিএস’। স্নাতক পর্যায়ের এই ডিগ্রি সম্পন্ন করতে একজন মেডিকেল শিক্ষার্থীকে পাঁচ বছর পড়াশোনা করতে হয়, দিতে হয় তিনটি পেশাগত পরীক্ষা। এসব পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হওয়ার পর আছে আরও এক বছরের ইন্টার্নশিপ। ডেন্টালের জন্য আছে চার বছরের স্নাতক ‘বিডিএস’ ডিগ্রি, সঙ্গে এক বছরের ইন্টার্নশিপ। তারপর আছে স্নাতকোত্তর ধাপের পড়াশোনা। বাংলাদেশে এমডি, এফসিপিএস, এমএস ইত্যাদি ধরনের বিষয়ভিত্তিক স্নাতকোত্তর ডিগ্রি চালু রয়েছে, যার প্রতিটিতেই তিন থেকে পাঁচ বছরের কোর্স করার প্রয়োজন হয়।
দেশে বর্তমানে রেজিস্টার্ড চিকিৎসকের সংখ্যা ৬১ হাজার ৫১২, ডেন্টাল সার্জন আছেন পাঁচ হাজার ২৬৭ জন। জনসংখ্যার অনুপাতে বাংলাদেশে চিকিৎসকের এই সংখ্যা অন্য অনেক দেশের তুলনায় খুবই কম। সাম্প্রতিক এক সমীক্ষামতে, বাংলাদেশে এখন প্রতি দুই হাজার ৪৭৯ জন মানুষের জন্য একজন করে চিকিৎসক রয়েছেন। অথচ যুক্তরাষ্ট্রে প্রতিজন চিকিৎসকের বিপরীতে রোগী মাত্র ৩৯০ জন, অস্ট্রেলিয়ায় ৪০০ জন ও সুইজারল্যান্ডে ২৮০ জন।
এই অপ্রতুল চিকিৎসকের সংখ্যার জন্য মূলত দায়ী আমাদের দেশের মেডিকেল শিক্ষা, শিক্ষাপ্রতিষ্ঠান ও উন্নত চিকিৎসাব্যবস্থার অভাব। বাংলাদেশে জিডিপির মাত্র ৩ দশমিক ৪ শতাংশ বরাদ্দ হয়েছে স্বাস্থ্য খাতের জন্য, যা খুবই হতাশাজনক—বিশ্বে এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ১৮৮টি দেশের মধ্যে ১৭২তম। এক্ষেত্রে সরকারের মনোযোগী হওয়া জরুরি।
অনেক সীমাবদ্ধতা স্বত্ত্বেও বিশ্বের কাছে স্বাস্থ্যখাতের অর্জনের জন্য বাংলাদেশের নাম আজকাল প্রশংসার সঙ্গে উচ্চারিত হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে নবজাতক ও শিশুমৃত্যুর হার কমানো। ২০০০ সালে জাতিসংঘের ‘সহস্রাব্ধ উন্নয়ন লক্ষ্যমাত্রা’র আটটি অঙ্গীকারের মধ্যে বেশ কয়েকটির প্রাথমিক লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। বিশেষ করে শিশুমৃত্যুর হার কমানো ও দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘ পুরস্কারে ভূষিত হয়েছে বাংলাদেশ, পেয়েছে ‘সাউথ সাউথ’ পুরস্কার। মাতৃমৃত্যু কমানোতে আশাব্যঞ্জক উন্নতি হয়েছে। টিকা প্রদানে বাংলাদেশের অগ্রগতি অসামান্য।
প্রতিবছরই চিকিৎসকদের একটি বড় অংশের নিয়োগ দেওয়া হয় বিসিএস পরীক্ষার মাধ্যমে। ৩৩তম বিসিএসে দুই হাজার ৬০০ জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে।
আমাদের মতো দেশে চিকিৎসক হতে আগ্রহী শিক্ষার্থীর সংখ্যা প্রচুর, তাই এখানে প্রতিযোগিতাও হয় অনেক বেশি। যারা বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পড়ছেন, আর স্বপ্ন দেখছেন চিকিৎসক হওয়ার, তাঁদের এখন থেকেই মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করা দরকার।