সেরা অ্যাপ বুয়েটের কোর্স মেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্টফোনে ব্যবহারের উপযোগী অ্যাপলিকেশন উদ্ভাবন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাকিবুল আলম ও রাকিবুল আলমের ‘কোর্স মেট’ দল। ঢাকা বিশ্ববিদ্যালয় ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি—বাংলাদেশ (এআইইউবি) ‘ফাইন্ড ফর মি’ দলটি হয়েছে প্রথম রানার্সআপ। এ দলে আছেন মফিজুল ইসলাম, আনিক ইসলাম, আরিফা আক্তার ও সাখাওয়াত হোসন। দ্বিতীয় রানার্সআপ হয়েছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইশতিয়াক আহমেদ ও কাজী মুনশিমুন নবীর ‘সেভ লাইফ’ দল। ‘ইএটিএল অ্যাপস ডেভেলপমেন্ট কনটেস্ট’ নামের এ প্রতিযোগিতার আয়োজন করে অ্যাথিকস অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল)। শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রী (আইসিটি) মোস্তফা ফারুক মোহাম্মদ। এতে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য, পরিবার ও সমাজকল্যাণবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী, ইএটিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খানসহ আরও অনেকে ।মোস্তফা ফারুক মোহাম্মদ বলেন, দেশের তথ্যপ্রযুক্তি এগিয়ে নিতে উদ্ভাবনের বিকল্প নেই। তরুণদের নতুন নতুন উদ্ভাবনের জন্য আগ্রহী হয়ে উঠতে হবে। এতে করে দেশ অল্প সময়েই তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে এগিয়ে যাবে।প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে পাঁচ লাখ, প্রথম রানার্সআপ দুই লাখ ও দ্বিতীয় রানার্সআপ দলকে এক লাখ টাকা দেওয়া হয়েছে। বিজয়ী প্রত্যেক দলকে দেওয়া হয়েছে একটি করে স্মার্টফোন। জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘১৬ বছর আগে তৎকালীন হোটেল শেরাটনের এই বলরুম থেকেই যখন প্রোগ্রামিং প্রতিযোগিতা শুরু করি, তখন অনেক কষ্টে আমরা ৫০টি কম্পিউটার জোগাড় করতে পেরেছিলাম। এখন সবার পকেটে স্মার্টফোন, যা আগের কম্পিউটারের চেয়ে অনেক বেশি শক্তিশালী।’গত বছর নভেম্বর মাসে শুরু হয় এই প্রতিযোগিতা। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ২০০টি প্রকল্প জমা পড়ে। এর মধ্যে প্রাথমিক ১৮৮টি প্রকল্প মনোনীত হয়। চূড়ান্ত পর্বে সেরা স্থান পায় ১৫টি প্রকল্প। অনুষ্ঠানে আরও জানানো হয়, আগামী জুন থেকে দ্বিতীয় প্রতিযোগিতার নিবন্ধন শুরু হবে। —জিয়াউর রহমান চৌধুরী