সেরা আট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড পাওয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের আট শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড পাওয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের আট শিক্ষার্থী

অনুষদের প্রতিটি বিভাগ থেকে সর্বোচ্চ সিজিপিএ পাওয়া দুজন শিক্ষার্থীকে দেওয়া হয় ডিনস অ্যাওয়ার্ড। এ বছর ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং থেকে ২০১০-১১ সম্মান ব্যাচের দুজন এবং ২০১১-১২ সম্মান ব্যাচের দুজন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০১১-১২ সম্মান ব্যাচের দুজন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ২০১১-১২ সম্মান ব্যাচের দুজন অর্জন করেন গৌরবোজ্জ্বল এ পুরস্কার। ৬ মার্চ অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিনস পুরস্কার-২০১৩। এক আড্ডায় উঠে এল তাঁদের সাফল্যের পেছনের গল্প।
ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ২০১১ সালের স্নাতক ব্যাচের ছাত্র শেখ মো. মাহামুদুল ইসলাম (সিজিপিএ ৩.৯৬৪) ও তানজিন তাহের তমা (সিজিপিএ ৩.৮৮ ) পেয়েছেন এ পুরস্কার।
‘আমার ক্যাডেট কলেজের শৃঙ্খলিত জীবন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের খোলামেলা পরিবেশ একদমই আলাদা। কলেজ-জীবন থেকেই নিয়মিত পড়াশোনার যে অভ্যাসটা তৈরি হয়েছিল, বিশ্ববিদ্যালয়-জীবনে তা বেশ কাজে দিয়েছে। নোট করে পড়া, বিষয় সম্পর্কে বেসিক জ্ঞান আর খাতার সুন্দর উপস্থাপন—এ সবই আমার সাফল্যের চাবিকাঠি।’ বলছিলেন মাহামুদুল, বর্তমানে যাঁর রয়েছে চারটি আন্তর্জাতিক প্রকাশানা। মাস্টার্স থিসিসের পাশাপাশি খণ্ডকালীন প্রভাষক হিসেবে কাজ শুরু করতে যাচ্ছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে। ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ২০১১-১২ সালের স্নাতক মিফতাহুল জান্নাত (সিজিপিএ ৩.৮৭৬) বলেন, ‘একজন ভালো শিক্ষার্থী হওয়ার জন্য থাকা চাই চারটি গুণ; এক. একাগ্রতা—ক্লাসের টিচারদের পড়া মনোযোগ দিয়ে শোনা; দুই. নিয়মানুবর্তিতা—নিয়ম করে ক্লাসের পড়ায় নজর বুলানো; তিন. পরীক্ষার আগে পর্যাপ্ত বিশ্রাম এবং চার. ক্লাসের পড়া বোঝার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করা।’ আবৃত্তিতে পটু রাস্নার ইচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং নিয়ে গবেষণা করার। বিভাগের অপর শিক্ষার্থী জাহিদুল ইসলাম (সিজিপিএ ৩.৮৫২) বলছিলেন, ‘সফলতার পেছনে ছুটলেই সফল হওয়া যায় না। ভালো করে পড়লে সফলতাই আমার পেছনে ছুটবে। আমি খুব বেশি পড়তাম না। আমার প্রিয় কাজই ছিল আড্ডা দেওয়া। কিন্তু পরীক্ষার আগের কমাস কাজে লাগিয়েছি।’ এভাবেই মিলেছে তাঁর সাফল্য। ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ থেকে ডিন পুরস্কার পেয়েছেন মেহরিন বিনতে তারিক (সিজিপিএ ৩.৮৯), যিনি বিখ্যাত তাঁর মুক্তাঝরা হাতের লেখা আর সমৃদ্ধ নোটের জন্য। নোট না করে কিছুই পড়তে পারেন না তিনি। ‘শিক্ষক কোন বিষয়টি গুরুত্ব দিচ্ছেন তা আমি ক্লাসেই ধারণা করতে পারি, সেগুলো বাছাই করে আগে পড়ে নিই। এভাবে পড়লে অল্পতেই পড়া মাথায় ঢুকে যায়, বাকিটা নিজেই লিখতে পারি,’ স্বল্পভাষী মেহরিন এভাবেই বলছিলেন তাঁর সাফল্যের রহস্য। বই পড়া তাঁর প্রিয় শখ, আর পছন্দ করেন ভ্রমণ করতে এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে। একই বিভাগের ডিন পুরস্কারপ্রাপ্ত শান্তা বিশ্বাস (সিজিপিএ ৩.৮৪) বলছিলেন, ‘ বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথম দিন ডিন অফিসে গিয়ে দেখি, ডিন পদকপ্রাপ্তদের ছবি ঝুলছে। তা দেখে বাবাকে বললাম, আমি কি পারব ওদের মতো হতে? বাবা বললেন, চেষ্টা করলে সবই সম্ভব। বান্ধবী লতার অনুপ্রেরণা আর সাহায্যে ভালো ফল করলাম প্রথম বর্ষে। তারপর চেষ্টা করলাম তা ধরে রাখার।’ কোন মন্ত্রবলে এ পদক ছিনিয়ে আনলেন শান্তা? ‘স্বচ্ছতা, নিখুঁত উপস্থাপন, সততা এবং দৃঢ় পরিশ্রম।’ পড়াশোনার পাশাপাশি নৃত্যেও পারঙ্গম শান্তা বলেন, ‘এ অনুষ্ঠানে আমার বাবা-মা আমার নামে পরিচিত হয়েছেন, জীবনটা সার্থক মনে হচ্ছে!’
ইফফাত আনজুম (সিজিপিএ ৩.৮৮) কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিভাগে মাস্টার্স করার পাশাপাশি শিক্ষকতা করছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। তিনি বলেন, ‘কোনো কিছু বুঝতে না পারলে তা বুঝতেই হবে, এই লেগে থাকার প্রবণতাই আমার সাফল্যের চালিকাশক্তি। ডাক্তার হওয়ার স্বপ্ন চোখে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধে মাঠে নামলেও শেষ পর্যন্ত ভর্তি হই এই বিভাগে। পুঁথিগত বিদ্যার জোর না খাটিয়ে বেসিকটা ভালো করে বুঝে গেলেই সম্ভব ভালো করা।’ একই বিভাগের আসমা এনায়েত (সিজিপিএ ৩.৭৮) বলছিলেন, ‘স্বপ্ন ছিল বুয়েটে পড়ার। কিন্তু সেখানে কম্পিউটার সায়েন্স পাইনি, তাই এখানে আসা। এসেই বুঝলাম সিদ্ধান্তটা কত ভালো ছিল! সকাল-সন্ধ্যা একনাগাড়ে ক্লাসের ধকল থাকলেও শিক্ষকেরা ছিলেন বন্ধুভাবাপন্ন। এভাবেই এগিয়ে গিয়েছি স্বপ্নের পথে।’ বর্তমানে আসমাও শিক্ষকতা করছেন আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। পুরস্কারপ্রাপ্তদের সবাই বুনছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক হওয়ার স্বপ্নজাল।