সেরা দশের লড়াই
ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৫ এর ‘গ্র্যান্ড ফিনালে’ বা চূড়ান্ত পর্বের অ্যাপ উপস্থাপনা আগামী ২৭ ডিসেম্বর ঢাকার ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বাছাই করা সেরা ১০টি দল তাদের তৈরি অ্যাপ বিচারকদের সামনে উপস্থাপন করবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কায়কোবাদের নেতৃত্বে গঠিত দুটি বিচারক বোর্ডের বিচারকেরা সব অ্যাপের ওপর তৈরি উপস্থাপনা বিচার করে সেরা ১০টি দলের অ্যাপের নাম ঘোষণা করবেন। পুরস্কার হিসেবে সেরা অ্যাপ নির্মাতা পাবেন ১০ লাখ টাকা। দ্বিতীয় স্থান দখলকারী পাবেন পাঁচ লাখ ও তৃতীয় স্থান দখলকারী পাবেন দুই লাখ টাকা। অন্যরা পুরস্কার ও চাকরির সুযোগ পাবেন।
আয়োজকেরা জানিয়েছেন, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথি হিসেবে থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। উপস্থিত থাকবেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, গ্রামীণফোনের চিফ কমার্শিয়াল অফিসার ইয়াসির আজমান ও ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান।
ইএটিএল সূত্রে জানা গেছে, অ্যাপ তৈরির প্রতিযোগিতা হিসেবে ‘ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৫’ সারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফেলেছে।
শিক্ষার্থীদের তৈরি নানা ধরনের অ্যাপের মধ্যে বিচারকদের রায়ে সেরা ১০টি অ্যাপ বাছাই করা হয়। এ প্রতিযোগিতার ধাপগুলোর মধ্যে রয়েছে আইডিয়া জমা, ক্যাম্পাস অ্যাকটিভেশন, বুটক্যাম্প, আইডিয়া উপস্থাপনা, গ্রুমিং পর্ব, প্রযুক্তিগত মূল্যায়ন, ব্যবহারকারীদের প্রতিক্রিয়া এবং অন্য দলের পর্যালোচনা সংগ্রহ, ফাইনাল উপস্থাপনা ও চূড়ান্ত পর্ব। নয় মাস ধরে পুরো প্রক্রিয়াটি চলছে। দেশের তরুণদের মোবাইল অ্যাপস তৈরির বিষয়ে উদ্বুদ্ধ করা ও জনপ্রিয়তা বাড়াতে ৫০ টির বেশি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস অ্যাকটিভেশন মাধ্যমে ৭৫০ এর অধিক ধারণাপত্র সংগ্রহ করা হয়।
প্রতিযোগিতাটির কৌশলগত সহযোগী আইসিটি ডিভিশন, টাইটেল সহযোগী প্রথম আলো, এক্সক্লুসিভ টেলিকম সহযোগী গ্রামীণফোন এবং মিডিয়া সহযোগী চ্যানেল আই ও এবিসি রেডিও।