সেরা প্রোগ্রামার গেনাডি করোটকেভিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেরা প্রোগ্রামারের পুরস্কার হাতে গেনাডি করোটকেভিচ (মাঝে)
সেরা প্রোগ্রামারের পুরস্কার হাতে গেনাডি করোটকেভিচ (মাঝে)

কম্পিউটার প্রোগ্রামারদের জন্য বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের বার্ষিক প্রতিযোগিতা ‘কোড জ্যাম ২০১৪’-এ চ্যাম্পিয়ন হয়েছেন বেলারুশের গেনাডি করোটকেভিচ। গত শুক্রবার প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে তিনি সব কটি সমস্যার সমাধান করেছেন। তিনি পেয়েছেন ১৩৬ নম্বর। প্রতিযোগিতায় সেরা দশের মধ্যে আছেন রাশিয়ার ইটমোর (প্রাপ্ত নম্বর ১২৩), চীনের সেভেন কে প্লাস (১০১), বেলারুশের মাইস্টিক (৯৫), রাশিয়ার এমকে ডট এল১৩এন (৮৯), ইগোর কুলিকভ (৮৯), দক্ষিণ কোরিয়ার কেসিএম১৭০০ (৮৯), রাশিয়ার ভিপিপেনোভ (৮৩), ইউক্রেনের ডেজহুল গ্যাকভ (৮৩) ও বেলারুশের রোমকা (৮৩)।
চ্যাম্পিয়ন গেনাডি আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াডে ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত রৌপ্যপদক, ২০১৩ সালে প্রোগ্রামিংয়ের সবচেয়ে বড় প্রতিযোগিতা এসিএম আইসিপিসিতে চ্যাম্পিয়ন হন। কোড জ্যামে ২০০৯ সাল থেকে নিয়মিত অংশ নিচ্ছেন তিনি। কোড জ্যাম প্রতিযোগিতার বিজয়ী পাবেন ১০ হাজার ডলার পুরস্কার। এ ছাড়া দ্বিতীয় বিজয়ী দুই হাজার, তৃতীয় বিজয়ী এক হাজার এবং চতুর্থ থেকে ২৫তম বিজয়ী ১০০ ডলার করে পুরস্কার পাবেন। এ প্রতিযোগিতায় শিক্ষার্থী ছাড়াও পেশাদার বা অপেশাদার যে কেউ অংশ নিতে পারেন।
২০০৩ সাল থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীকে গুগলের দেওয়া গাণিতিক বা কোড সমস্যার সমাধান করতে হয়। প্রাথমিক পর্যায়ে ঘরে বসেই এ প্রতিযোগিতায় অংশ নেওয়া যায়। এরপর তিন পর্ব শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী ২৫ জনকে গুগলের যুক্তরাজ্য কার্যালয়ে চূড়ান্ত পর্বে অংশ নিতে হয়। এবারের চূড়ান্ত ফলাফল: http://goo.gl/nr1JSR।

—গুগল কোড জ্যাম অবলম্বনে নুরুন্নবী চৌধুরী