সেরা ব্লগ প্রতিযোগিতার ভোট গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মান বেতারকেন্দ্র ডয়চে ভেলে আয়োজিত সারা বিশ্বের ব্লগারদের জন্য আন্তর্জাতিক পুরস্কার ‘দ্য বব্স ২০১৩’ শুরু হয়েছে। এখন ভোট গ্রহণ করা হচ্ছে। আগামী ৭ মে পর্যন্ত বিজয়ী নির্ধারণে ভোট দেওয়া যাবে। বিশ্বের ১৪টি ভাষার বিচারকেরা এই প্রতিযোগিতার জন্য ৩৬৪ ব্যক্তিকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। ৩৪টি বিভাগে ইন্টারনেট ব্যবহারকারীদের পাঠানো চার হাজার ২০০-এর বেশি মনোনয়নের মধ্য থেকে এবং নিজেদের পছন্দ অনুযায়ী ১৪টি ভাষার মনোনয়ন চূড়ান্ত করেছেন তাঁরা। ডয়চে ভেলের প্রধান সম্পাদক উটে শেফার এই বিষয়ে বলেন, ‘গত বছরের তুলনায় এক হাজারের বেশি মনোনয়ন চলতি বছর জমা পড়েছে।’ ১৪টি ভাষার মধ্যে বাংলা ভাষার ব্লগও রয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে বাংলা ভাষার ব্লগারদের পুরস্কার পাওয়ার সুযোগ রয়েছে। দ্য বব্স (বেস্ট অব ব্লগস) প্রতিযোগিতার চূড়ান্ত মনোনীতদের ভোট দিতে যেতে হবে www.thebobs.com/bengali ঠিকানায়। এরপর বিভিন্ন সামাজিক যোগাযোগ আইডি কিংবা ডয়চে ভেলে আইডি ব্যবহার করে ভোট দিতে হবে।প্রতি ২৪ ঘণ্টায় একটি ‘লগ-ইন আইডি’ থেকে একবার ভোট দেওয়া যাবে। এই ভোটের মাধ্যমে দ্য বব্স ২০১৩ সালের ‘ইউজার প্রাইজ’ বিজয়ী নির্ধারণ করা হবে। আগামী মে মাসের শুরুর দিকে দ্য বব্স-এর বিচারকমণ্ডলীর সদস্যরা হাজির হবেন জার্মানির রাজধানী বার্লিনে। দ্য ববেসর ছয়টি আন্তর্জাতিক মিশ্র বিভাগে ‘জুরি অ্যাওয়ার্ড’ বিজয়ীদের নির্ধারণ করবেন তাঁরা। —বিজ্ঞপ্তি