সেরা স্মার্টফোনের তালিকার শীর্ষে আইফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইফোন ৫এস
আইফোন ৫এস

এ সময়ে বিশ্বের সেরা স্মার্টফোন তালিকার শীর্ষে আছে অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের আইফোন। আইফোন ৫এস মডেলের স্মার্টফোন শীর্ষস্থানে রয়েছে। এ তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে গুগলের এইচটিসি ওয়ান সংস্করণ ও এইচটিসি ওয়ান। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসা এবং তথ্যপ্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ‘বিজনেস ইনসাইডার’ বর্তমান সময়ের সেরা স্মার্টফোনের তালিকা প্রকাশ করে। মূলত প্রতি মাসে এ তালিকা হালনাগাদ করে ওয়েবসাইট কর্তৃপক্ষ।
বিজনেস ইনসাইডারের প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সম্পাদক স্টিভ কোভাচ জানান, ‘সেরা স্মার্টফোন নির্বাচনের ক্ষেত্রে স্মার্টফোনের নকশা, সফটওয়্যার, হার্ডওয়্যারের বৈশিষ্ট্য, কনটেন্ট নির্বাচন, মোবাইল ফোন সেবাদাতাভিত্তিক সুবিধা, দাম ইত্যাদি পরীক্ষা করা হয়। পাশাপাশি স্মার্টফোনের দামও প্রকাশ করে থাকি।’ গ্রাহকদের স্মার্টফোন কেনার ক্ষেত্রে সুবিধার কথা মাথায় রেখেই এ তালিকা করা হয় বলেও জানান তিনি।
চলতি মাসের তালিকায় সেরা দশের মধ্যে রয়েছে গুগল নেক্সাস ৫ (চতুর্থ), মটোরোলা মটো এক্স (পঞ্চম), স্যামসাং গ্যালাক্সি নোট থ্রি (ষষ্ঠ), স্যামসাং গ্যালাক্সি এস ফোর (সপ্তম), এলজি জিটু (অষ্টম), আইফোন ৫সি (নবম) এবং সনি এক্সপেরিয়া জেড ওয়ান এস (দশম)। এ ছাড়া এ তালিকার পরবর্তী স্থানগুলোতে রয়েছে নকিয়া লুমিয়া ১৫২০, নকিয়া লুমিয়া ১০২০, নকিয়া লুমিয়া আইকন, এইচটিসি ওয়ান ম্যাক্স, এলজি জি ফ্ল্যাক্স এবং ব্ল্যাকবেরি কি১০। এ ছাড়া ৫.১ ইঞ্চির স্যামসাং গ্যালাক্সি এস৫ স্মার্টফোনটি বিশেষ তালিকায় রয়েছে, যেটি বাজারে আসবে ১১ এপ্রিল। —বিজনেস ইনসাইডার অবলম্বনে নুরুন্নবী চৌধুরী