সেরা ১০ নতুন উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৭ জুলাই পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিজয়ী স্টার্টআপের উদ্যে​াক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় (মাঝে বসা), আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ (বাঁ থেকে তৃতীয়) এবং অন্য অতিথিরা  l ছবি: সংগৃহীত
২৭ জুলাই পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিজয়ী স্টার্টআপের উদ্যে​াক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় (মাঝে বসা), আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ (বাঁ থেকে তৃতীয়) এবং অন্য অতিথিরা l ছবি: সংগৃহীত

‘এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের উদ্ভাবনী প্রকল্পগুলো আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা যাবে’, এমনটাই জানিয়েছিলেন কানেকটিং স্টার্টআপস বাংলাদেশের আয়োজকেরা। ঘোষণা ছিল প্রতিযোগিতার সেরা ১০ নতুন উদ্যোগ (স্টার্টআপ) রাজধানীর কারওয়ান বাজারের জনতা টাওয়ারের সফটওয়্যার টেকনোলজি পার্কের আইটি ইনকিউবেটরে পাবে কার্যালয়ের জায়গা। এ ছাড়া এক বছরের অর্থসংস্থান, উদ্ভাবনী তহবিলের অনুদান, প্রশিক্ষণ ও আইনি সহায়তাও দেওয়া হবে। প্রতিযোগিতায় জমা পড়েছিল ৪৩৪টি উদ্যোগের ধারণা। ২৭ জুলাই রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে সেরা ১০ উদ্যোগের উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়া হয় যার যার অফিসের প্রতীকী চাবি।
৩১ জুলাই জনতা টাওয়ার ঘুরে দেখা যায়, ভবনের চারতলায় কাজ এখনো সম্পন্ন হয়নি। পুরো ভবনেরই বিভিন্ন তলায় কাজ চলছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতার সেরা ১০ উদ্যোগ নিয়েই এই প্রতিবেদন।

বিডি রেটস
ব্যাংক থেকে ক্রেডিট কার্ড, এফডিআর, ডিপিএস, গাড়ি, বাড়ি ও ব্যক্তিগত ঋণ পেতে সহায়তা করে এ প্রতিষ্ঠান। বিডি রেটসের প্রধান উদ্যোক্তা মেহরান চৌধুরী জানান, ২০১৫ সালের অক্টোবরে তিনি ও তাঁর স্ত্রীসহ চারজন মিলে এই প্রতিষ্ঠান গড়ে তোলেন। www.bdrates.com ঠিকানার ওয়েবসাইট থেকে বিভিন্ন ব্যাংকে ঋণের আবেদন করা যায় সহজে। পরবর্তী সময়ে ব্যাংকের গ্রাহক সেবাকেন্দ্র থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়।

জনতা টাওয়ারের বিভিন্ন তলায় এখনো চলছে কাজ l ছবি: প্রথম আলো
জনতা টাওয়ারের বিভিন্ন তলায় এখনো চলছে কাজ l ছবি: প্রথম আলো

অ্যাপ্লিকেশন ককপিট
এই টুল এসএপি, ওরাকল, মাইক্রোসফট এইচপিএসএম, ইনসাইড মাইক্রোসফট শেয়ারপয়েন্টের মতো ডেটাবেইস সফটওয়্যার থেকে প্রয়োজন অনুযায়ী তথ্য সংগ্রহ করে সরবরাহ করে, যা ব্যবসায়ের জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ সহজ করে। প্রতিষ্ঠানের কর্মকর্তাদের স্বয়ংক্রিয়ভাবে প্রাত্যহিক, সাপ্তাহিক কিংবা মাসিক প্রতিবেদন দিতে পারে এটি। ইমপ্লে ভিসতা বিডির এই উদ্যোগ ২০১৩ সালে গড়ে তোলেন এস এম রবিউল ইসলাম ও সোহেল রানা।
ম্যাডভাইজার
আপনার স্মার্টফোনে এই অ্যাপটি যদি নামানো থাকে তাহলে তা জানিয়ে দেবে আপনার ব্যবহৃত মুঠোফোন অপারেটরের কোন প্যাকেজ বা সুবিধাটি প্রযোজ্য। ফলে মুঠোফোনের খরচ অনেকাংশে কমে আসবে এমনটাই দাবি ম্যাডভাইজারের সহপ্রতিষ্ঠাতা আবদুল মুকিত আহমেদের। পাঁচজন মিলে ২০১৪ সালে তৈরি করেন এই অ্যাপ।
হিরোস অব ৭১
আপনি হয়তো এরই মধ্যে নিজের স্মার্টফোনে এই গেম খেলেছেন। যাঁরা একটু-আধটু গেমের খবরও রাখেন তাঁদের সবারই জানা আছে মুক্তিযুদ্ধ নিয়ে এ গেমটি বানিয়েছে পোর্টব্লিস নামের এক প্রতিষ্ঠান। হিরোস অব ৭১-এর টিম লিড মাশা মুস্তাকিম জানান, ১০ জন সদস্য নিয়ে তাঁদের এই প্রতিষ্ঠান আত্মপ্রকাশ করেছে গত এপ্রিল মাসে।
খুঁজুন
নুরুল ফেরদৌস, মাসুদ আহমেদ এবং তাঁদের বিদেশি বন্ধু টিম অ্যাবট—এই তিনজন ২০১৫ সালে চালু করেন ওয়েবে তথ্য খোঁজার ওয়েবসাইট (সার্চ ইঞ্জিন) ‘খুঁজুন’। নুরুল ফেরদৌস বলেন, খুঁজুন মূলত বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের কথা মাথায় রেখে বানানো হয়েছে। এতে বিভিন্ন ভাষা থেকে তথ্য নিয়ে উপস্থাপনের সুবিধা আছে। ইংরেজিতে লিখে কিছু খুঁজলে বাংলায় ফলাফল দেখা যাবে।
জিয়ন
টেলিমেডিসিন পদ্ধতি ব্যবহার করে ঢাকায় একটি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে রেফারেল সেন্টার পরিচালনা করছে ‘জিয়ন’। গ্রামের নির্দিষ্ট ওষুধের দোকানে আসা রোগীকে প্রশিক্ষিত ওষুধের দোকানদার শারীরিক পরীক্ষা ও রোগের বিস্তারিত তথ্য ভিডিও কনফারেন্সে জানিয়ে দিচ্ছেন রেফারেল সেন্টারে। চিকিৎসক পরবর্তী সময়ে কোনো জিজ্ঞাসা বা পরীক্ষার প্রয়োজন থাকলে তা জানান এবং সবশেষে চিকিৎসক ব্যবস্থাপত্র লিখে পাঠালে দোকানে থাকা প্রিন্টারে প্রিন্ট হয়ে যাবে। ২০১৩ সালে জিয়ন গড়ে তোলেন রুবায়াত খান ও মৃদুল চৌধুরী।
সিক্স অ্যাক্সিস
এই প্রতিষ্ঠান উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতি দেশেই তৈরি করছে। যার মধ্যে রয়েছে থ্রিডি প্রিন্টার, থ্রিডি সিএডি, সিএএম ডিজাইন যন্ত্র। সিক্স অ্যাক্সিসের সহপ্রতিষ্ঠাতা আশরাফুল আলম বলেন, ‘আমাদের সেবা গ্রহণ করে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের পণ্যের নমুণা (প্রোটোটাইপ) তৈরি করতে পারবে।’ সিক্স অ্যাক্সিসের অপর দুই উদ্যোক্তা হলেন মুজিবুর রহমান ও সরওয়ার মোরশেদ। এ উদ্যোগের যাত্রা শুরু ২০১৫ সালে।
ইশকুল
এই মোবাইল অ্যাপ দিয়ে শিক্ষার্থীদের নম্বর, উপস্থিতি, রুটিনসহ বিভিন্ন তথ্য শিক্ষকেরা যেমন দিতে পারবেন, তেমনি অভিভাবকেরাও জানতে পারবেন এসব তথ্য। শিক্ষক-অভিভাবক দুইয়েরই রয়েছে মতামত দেওয়ার সুযোগ। এ ছাড়া ‘ইশকুল’-এর ওয়েবসাইট থেকে ই-লার্নিং সুবিধা গ্রহণ করা যাবে। হাসিবুল ওহাব, অনির্বাণ সাহা ও একরামুল হায়দার—এই তিনজন ইশকুলের উদ্যোক্তা।
কগনেটিভ হেড হান্টার
আসিফ আতিক, আরিফ হোসেন, নাইম হোসেন ও মাহমুদুর রহমানের এ উদ্যোগটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপ। এটি মূলত চাকরির আবেদনপত্র যাচাই-বাছাইয়ের কাজ করে। যেমন, ধরুন কোনো চাকরির জন্য জমা পড়া কয়েক হাজার আবেদন থেকে মুহূর্তের মধ্যেই বেছে নিতে পারবে যোগ্য আবেদনপত্রগুলো। আসিফ আতিক জানান, এতে প্রতিষ্ঠানগুলোর মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের কাজ অনেকাংশে কমে যাবে।
ইন্টারঅ্যাকটিভ থেরাপি
এটি মূলত একটি ওয়েব অ্যাপ্লিকেশন। যেটি ব্যবহার করে বিভিন্ন ব্যায়াম সম্পর্কে জেনে প্রতিবন্ধী লোকজন নিজেদের প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার চেষ্টা করতে পারবে। দুর্ঘটনার শিকার হয়ে কিংবা জন্মগতভাবে কোনো ধরনের প্রতিবন্ধকতার কারণে শারীরিক অবস্থার যদি অবনতি হয়, তবে তা কাটিয়ে ওঠা যাবে শারীরিক ব্যায়ামের মাধ্যমে। অনেক সময় চিকিৎসক কিংবা ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়া কঠিন হয়ে পড়ে। এমন মুহূর্তে বাসায় বসে এই অ্যাপ্লিকেশন থেকে বিভিন্ন ব্যায়াম সম্পর্কে জেনে তা করা যাবে।