সেরা ৭ আইসক্রিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘যখন আমি অনেক বড় হব, নানান দেশে ঘুরব, আর মজার সব আইসক্রিম খাব!’—মনে মনে এমন আজব স্বপ্ন কি কখনো দেখেছো? দেখা হোক বা না হোক, চাইলে টুকে নেতা পারো বিশ্বসেরা আইসক্রিমের ঠিকানাগুলো। কে জানে, একদিন স্বপ্ন সত্যি করার সুযোগ হয়তো হতেও পারে। ঠিকানা জানা নেই বলে তখন আফসোস কোরো না যেন!

.
.

হামফ্রে স্লোকাম্ব আইসক্রিম
যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো শহরের বিখ্যাত এই আইসক্রিম পার্লারে পাওয়া যায় নানান স্বাদের মজার সব আইসক্রিম। সিক্রেট ব্রেকফাস্ট, গভর্নমেন্ট চিজ, হিবিস্কাস বিট তেমনই সব মজাদার আইসক্রিমের নাম। সিক্রেট ব্রেকফাস্টের মজা লুকিয়ে থাকে এর তিনটি স্তরে। কোনো স্তরে আছে ক্রিমের তৈরি কেক, আবার কোনো স্তরে মেশানো রয়েছে ভিয়েতনামি কফি!
ভিপিটেনো জেলাতেরিয়া
ব্রাজিলের সাও পাওলো শহরের এই আইসক্রিম পার্লারের অন্যতম সেরা আইসক্রিম ‘ডেমোইসিল কাপ’ তৈরি হয় দুধের তৈরি ক্যান্ডির সঙ্গে নাশপাতি ও আদার রস এবং ক্রিম আর মুচমুচে ভাজা চিনির সংমিশ্রণে।

.
.

ক্যাপোগিরো
ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়ার এই আইসক্রিম পার্লারে নসিওলা, পিস্টাসিওসহ মজার স্বাদের নানান ধরনের আইসক্রিম পাওয়া যায়। ২০০২ সাল থেকে এখানকার খাঁটি দুধে তৈরি আইসক্রিম ভোজনরসিকদের মুগ্ধ করে আসছে।
কাম ইল লাট্টে জেলাতেরিয়া
ইতালির রোম শহরের এই আইসক্রিম পার্লারের নাম যতই খটমটে মনে হোক না কেন, এর অর্থ হলো ‘খাঁটি দুধ’। এখানকার প্রতিটি স্কুপের বেশির ভাগ অংশই নাকি দারুণ ক্রিমে তৈরি। বিভিন্ন স্বাদের আইসক্রিমের মাঝে দারুচিনি আর পেস্তাবাদামের স্বাদের আইসক্রিমও পাওয়া যায়!

.
.

দ্য ক্রিমারি
দক্ষিণ আফ্রিকার কেপ টাউন শহরের ‘দ্য ক্রিমারি’তে পাওয়া যায় টুকরো করা আপেলের সঙ্গে ক্রিম মিশিয়ে তৈরি করা আইসক্রিম। আরও আছে তুঁতফলের লাচ্ছি দিয়ে তৈরি করা আইসক্রিম!

.
.

গ্লেস
অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত এই আইসক্রিম পার্লারে রয়েছে আইসক্রিম কেক, বেবি কোন আইসক্রিম, এমনকি আছে আইসক্রিম বোমও! মজার এই আইসক্রিম বোমের একটিতেই রয়েছে তিনটি স্বাদের মিশেল।
পেরকে নো!
‘পেরকে নো’ শব্দের অর্থ ‘কেন নয়’! ইতালির ফ্লোরেন্সে পাবে এই রেস্তোরাঁ। এখানে ভ্যানিলার সঙ্গে লেবুর স্বাদের আইসক্রিম পাওয়া যায়। আছে মধু ও তিলের স্বাদের আইসক্রিম। চাইলে পাওয়া যাবে কফি আর চকলেটে তৈরি কুড়মুড়ে আইসক্রিমও।
গ্রন্থনা: রাফিয়া আলম
সূত্র: ডিজাইন এন ট্রেন্ড