
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মুখরিত একঝাঁক তরুণ মেধাবীর ভিড়ে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে অধ্যয়নরত শিক্ষার্থীদের চার বছরের অনার্স-জীবনের ফলাফল ও গড় উপস্থিতি মূল্যায়নের ভিত্তিতে এবার ২০১১-১২ শিক্ষাবর্ষের ৫০ জন মেধাবী মুখ অর্জন করে নিলেন জীববিজ্ঞান অনুষদের সর্বোচ্চ সম্মানসূচক পুরস্কার। সংগত কারণেই এবারের সমাবর্তনে (৭ এপ্রিল) তাঁদের আনন্দ ছিল কয়েক গুণ বেশি।
বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়ম অনুযায়ী, সম্মানজনক ডিনস অ্যাওয়ার্ড পেতে হলে প্রথম থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত সব বর্ষে গড় উপস্থিতি থাকা চাই শতকরা ৮০ ভাগের বেশি। আর সিজিপিএ থাকতে হবে কমপক্ষে ৩.৭৫, এবং তা পেতে হবে কোনো মানোন্নয়ন পরীক্ষা ছাড়াই। এত কঠিন নিয়মের বেড়াজাল পেরিয়েই কঠোর পরিশ্রম, মেধা আর দক্ষতার পরিচয় দিয়ে এই ৫০ জন উদ্যমী শিক্ষার্থী ছিনিয়ে আনলেন এই অর্জন।
জীববিজ্ঞান অনুষদের অধীনে রয়েছে ১০টি বিভাগ, সেগুলো হলো মৃত্তিকা, পানি ও পরিবেশবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিদ্যা, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান, মনোবিজ্ঞান, অণুজীববিজ্ঞান, ফিশারিজ, ক্লিনিক্যাল ফিজিওলজি, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি এবং এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং ফিজিওলজি। অনুষদের ডিনস পুরস্কারপ্রাপ্ত এই ৫০ সৌভাগ্যবানদের তালিকায় আছেন মৃত্তিকা, পানি ও পরিবেশবিজ্ঞান বিভাগের তিনজন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১২ জন, জীববিজ্ঞান বিভাগের ১৪ জন, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞানের তিনজন, অণুজীববিজ্ঞানের ১৩ জন, ফিশারিজের দুজন এবং জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তির তিনজন।
জীববিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পাওয়া কজন শিক্ষার্থীর সঙ্গে আমরা স্বপ্ন নিয়ের হয় কথা বলি। অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আনোয়ার সিদ্দিকী (সিজিপিএ ৩.৯৫) বলছিলেন পুরস্কার প্রাপ্তিতে তাঁর অভিজ্ঞতার কথা, ‘এ অর্জন আমায় অনুপ্রাণিত করল আরও বহু দূর যাওয়ার প্রত্যয়ে। ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আমার বাবা-মাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, এ ব্যাপারটি সবচেয়ে ভালো লেগেছে আমার!’
বিশ্ববিদ্যালয়ের অনার্স ফলাফল চার বছর শেষে, আর ইয়ার ফাইনাল পরীক্ষা হয় প্রতিবছরের শেষে, কিন্তু বার্ষিক পরীক্ষার বাইরেও বছরজুড়ে চলে নিয়মিত ইন-কোর্স পরীক্ষা, চলে ব্যবহারিক ক্লাস। ইন-কোর্স পরীক্ষায় ভালো করে পড়লেই ফাইনালের পড়ার ভার কমে যায় অনেকখানি। চার বছরের ফলাফল ধারাবাহিকভাবে ভালো করাটা একটু কঠিনই বটে। এই কঠিন কাজটিই সহজতর করেছেন প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞানের তাহিরা ইয়াসমিন, যিনি এ বছর অর্জন করেছেন জীববিজ্ঞান অনুষদের সর্বোচ্চ সিজিপিএ (সিজিপিএ ৩.৯৯)। ‘ভালো ফলের পেছনে আমি কৃতজ্ঞ আমার পরিবার ও বিভাগীয় শিক্ষকদের কাছে। বিভাগের ক্লাস, পরীক্ষা—সবকিছুই ছিল রুটিন মাফিক এবং সেশনজটমুক্ত। তাই নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে পেরেছি, এসেছে সাফল্য’, এভাবেই তিনি তুলে ধরেন তাঁর সাফল্যের গল্পগাথা।
এ আয়োজনে ডিনস অ্যাওয়ার্ড হাতে নিয়ে সবাই তুলছিলেন গ্রুপ ছবি। চাইছিলেন চার বছরের ভালো ফলাফলের ধারাবাহিকতায় পুরস্কারপ্রাপ্তির দিনটিকে স্মরণীয় রাখতে।
বর্তমান বিশ্বে জীববিজ্ঞানের যে উত্তরোত্তর উন্নতি সাধিত হচ্ছে, দেশের তরুণেরা নিত্যনতুন আবিষ্কার ও গবেষণার মধ্য দিয়ে সে উন্নয়নে অংশ নেবেন, এই প্রতিজ্ঞাই ছিল তাঁদের দৃপ্ত প্রত্যয়ী চোখে।