সেরাদের সেরা চারজন
আঞ্চলিক গণিত উত্সবের বিজয়ীদের নিয়ে আয়োজন করা হয় ১০ম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ও ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উত্সব-২০১২। আর এই সেরাদের মধ্য থেকে বের হয়ে আসে সেরাদের সেরা (চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস) চারজন। এই চার সেরার একজন চট্টগ্রামের, একজন ঢাকার, একজন সিরাজগঞ্জের ও একজন খুলনার। সেরাদের সেরা চারজনের প্রত্যেকের জন্য ছিল ১২ হাজার টাকার প্রাইজবন্ড, মেডেল, বই ও ক্রেস্ট। তাদের নিয়ে লিখেছেন বায়েজিদ ভূঁইয়াগোধূলি রায়প্রাইমারি ক্যাটাগরি‘আমি ভালো পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু ফলাফলের তালিকায় প্রথম দিকে নাম না শোনায় একটু মন খারাপ হচ্ছিল। হঠাত্ করে শুনলাম আমার নাম, তা আবার চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নদের তালিকায়। বিশ্বাস হচ্ছিল না, পরে মঞ্চে গিয়ে পুরস্কার নিলাম। কী যে আনন্দ লাগছিল তখন!’ কথাগুলো বলছিল প্রাইমারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস হওয়া গোধূলি রায়। সে এবার খুলনার হোম অব জয় স্কুল থেকে পঞ্চম শ্রেণী পাস করে নৈহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে। ছবি আঁকতে ভালো লাগে আর ভালো লাগে গল্পের বই পড়তে। সময় পেলে কম্পিউটারে গেমস খেলে গোধূলি। ক্লাসের পরীক্ষায় সব সময়ই গণিতের নম্বর থাকে ৯৭ থেকে ৯৮-এর কোটায়। এবার নিয়ে দ্বিতীয়বারের মতো গণিত অলিম্পিয়াডে অংশ নিয়েছে সে। ‘গত বছর নবম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে আঞ্চলিকে চ্যাম্পিয়ন হই, কিন্তু জাতীয়তে এসে পুরস্কার পায়নি। তাই খুব খারাপ লেগেছে। এবারও যখন আঞ্চলিকে চ্যাম্পিয়ন হই, তখন থেকে ইচ্ছে ছিল। সঙ্গে প্রস্তুতিও নিয়েছি, যাতে জাতীয়তে গিয়ে ভালো কিছু করতে পারি। শেষ পর্যন্ত ভালো হয়েছে।’ দুই ভাইবোনের মধ্যে গোধূলি ছোট। গণিতে ভালো করার পেছনে বড় ভাই সকাল রায়কে সবচেয়ে এগিয়ে রেখেছে গোধূলি; তারপর মা-বাবা ও স্কুলশিক্ষক। মা সনজিতা রায় আর বাবা প্রকৌশলী সুখেন রায় দুজনেরই আশা, মেয়ে সামনে অনেক ভালো করবে। বড় হয়ে প্রকৌশলী হওয়ার ইচ্ছা গোধূলির।সাজিদ আখতারজুনিয়র ক্যাটাগরি‘যখন নাম ঘোষণা করল দৌড়ে মঞ্চে উঠি, তখন অনেক বেশি খুশি হয়েছি, বলতে গেলে আনন্দে ভাসছিলাম।’ বলছিল জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস হওয়া সাজিদ আখতার। ‘২০০৯ সালে গণিত অলিম্পিয়াডে প্রথম অংশ নিই এবং আঞ্চলিক ও জাতীয়তে চ্যাম্পিয়ন হয়েছিলাম। ২০১০ সালে আঞ্চলিক উত্সবে দ্বিতীয় রানারআপ এবং জাতীয় উত্সবে চ্যাম্পিয়ন। ২০১১ সালে আঞ্চলিক উত্সবে চ্যাম্পিয়ন এবং জাতীয় উত্সবে হয়েছিলাম প্রথম রানারআপ। এবার আঞ্চলিকে হয়েছিলাম চ্যাম্পিয়ন। ফলাফলের পর অনেক বেশি মজা হয়েছে। কারণ, উত্সবের মাঠে আমার মা-বাবা, ফুপু, চাচা-চাচি, দাদা-দাদিসহ পরিবারে প্রায় সবাই উপস্থিত ছিল।’ দুই ভাইবোনের মধ্যে সাজিদ বড়। গণিতে ভালো করার পেছনে মা রাকিবা আফরোজ ও বাবা চিকিত্সক সোহেল আখতার দুজনকেই প্রধান সহযোগী মনে করেন সাজিদ। সিরাজগঞ্জের বিএল সরকারি উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ছে সে। ‘বগুড়ায় প্রথমবার যখন পুরস্কার পাই, তখন থেকে গণিতের আকর্ষণ শুরু হয়। তার পর থেকে গণিতের বিভিন্ন বই কিনে এবং ইন্টারনেট থেকে ডাউনলোড করে অনুশীলন করি। ২০১০ সালে ষষ্ঠ বাংলাদেশ গণিত ক্যাম্প ও পরে বিশেষ ক্যাম্পেও ডাক পেয়েছিলাম। সেখানেও অনেক কিছু শিখেছি। অবসরে ভালো লাগে সায়েন্স ফিকশনের বই পড়তে আর গান শুনতে।’ সাজিদ বড় হয়ে হতে চায় প্রকৌশলী।নূর মোহাম্মদ সফিউল্লাহসেকেন্ডারি ক্যাটাগরিএসএসসি পরীক্ষা চলছে, তাই একটু কম অনুশীলন করতে পেরেছি। তবে পরীক্ষা দেওয়ার পর মনে হয়েছে, ভালো কিছু হবে। তবে টেনশন একটু কাজ করছিল। অবশেষে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস ঘোষণা করা হলো। ডাকা হলো আমার নাম। অনেক খুশি হয়েছি।’ সেকেন্ডারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস হওয়া নূর মোহাম্মদ সফিউল্লাহ এভাবে প্রকাশ করে তার অনুভূতি। সে এবার ঢাকার মণিপুর হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। নবম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে সেকেন্ডারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় সফিউল্লাহ। তার বাবা মো. মতিউর রহমান মোল্লা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা আর মা আরিফা পারভীন জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কম্পিউটার প্রোগ্রামার। দুই ভাইয়ের মধ্যে সে ছোট। এ ছাড়া সফিউল্লাহ সপ্তম গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন ও অষ্টম গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস হয়। ২০১১ সালে নেদারল্যান্ডের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ গণিত দলের হয়ে অংশ নেয়। বড় হয়ে জীববিজ্ঞান অথবা গণিত নিয়ে পড়তে চায় শফিউল্লাহ। ইচ্ছা আছে গত বছরের আইএমও-র অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার আইএমওতে ভালো কোনো পদক অর্জন করা।ধনঞ্জয় বিশ্বাসহায়ার সেকেন্ডারি ক্যাটাগরিহায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস হওয়া ধনঞ্জয় বিশ্বাস হেসে হেসে বলল, ‘ভালো লেগেছে।’ এবার নিয়ে পাঁচবার অংশ নেওয়া হলো তার গণিত অলিম্পিয়াডে। ২০০৮ সালে প্রথমবার আঞ্চলিকে চ্যাম্পিয়ন ও জাতীয়তে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস। ২০০৯ সালে আঞ্চলিকে বিশেষ কারণে পরীক্ষা দিতে পারেনি। ২০১০ সালে আঞ্চলিকে চ্যাম্পিয়ন হলেও এসএসসি পরীক্ষার জন্য জাতীয়তে আসা হয়নি। ২০১১ সালে আঞ্চলিকে চ্যাম্পিয়ন এবং জাতীয়তে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস। এবার আবারও জাতীয়তে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস। সব মিলিয়ে তিনবার চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস হলো ধনঞ্জয়। চট্টগ্রাম কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দেবে সে। তার বাবা মিলন কান্তি বিশ্বাস একজন ব্যবসায়ী এবং মা স্বপ্না রানী দে স্বাস্থ্য সহকারী। তাঁরা স্বপ্ন দেখেন, দেশের জন্য ছেলে এবার আরও ভালো কিছু করবে, আরও বড় কোনো পদক নিয়ে আসবে। দুই ভাইয়ের মধ্যে ধনঞ্জয় বড়। গত বছর নেদারল্যান্ডে অনুষ্ঠিত ৫২তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে প্রথমবারের মতো অংশ নিয়ে ব্রোঞ্জ পদক অর্জন করে ধনঞ্জয়। ইচ্ছা আছে বাংলাদেশ দলের হয়ে আইএমওতে আরও ভালো কোনো পদক অর্জন করা। এইচএসসি পরীক্ষার প্রস্তুতি আর গণিতের অনুশীলন—সব মিলিয়ে অবসর তেমন নেই। তবুও যেটুকু সময় পায়, তা গান শোনা, গল্পের বই পড়া আর একটু বেশি সুযোগ পেলে ঘুমাতে ভালো লাগে তার। বড় হয়ে গণিত, পদার্থ বা জীববিজ্ঞান নিয়ে পড়তে চায় ধনঞ্জয়।