সেরাদের সেরা চারজন
১৭টি আঞ্চলিক গণিত উৎসবের বিজয়ীদের নিয়ে আয়োজন করা হয় একাদশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ও ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসব-২০১৩। আর এই সেরাদের মধ্য থেকে বের হয়ে আসে সেরাদের সেরা চারজন। এই সেরাদের সেরা চারজনের প্রত্যেকের জন্য ছিল ১২ হাজার টাকার প্রাইজবন্ড, মেডেল, বই ও ক্রেস্ট। লিখছেন বায়েজিদ ভূঁইয়াপ্রাইমারি আহমেদ ইত্তিহাদ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ গত বছরই প্রথম গণিত উৎসবে অংশ নেয় আহমেদ ইত্তিহাদ। প্রথমবার এসেই গণিত উৎসবে ঢাকা আঞ্চলিক পর্বে প্রথম রানারআপ হয়ে জাতীয় উৎসবে অংশগ্রহণের সুযোগ পায় ইত্তিহাদ। সেবারের জাতীয় উৎসবেও প্রথম রানারআপ হয় সে। এ বছর ঢাকা-১ আঞ্চলিক গণিত উৎসবে চ্যাম্পিয়ন হয়। ‘আঞ্চলিকে পুরস্কার পাওয়ার পর থেকেই জাতীয় উৎসবের জন্য প্রস্তুতি নিতে থাকি। নিজের কাছে থাকা গণিতের বিভিন্ন বই এবং ক্লাসের বইগুলো অনুশীলন করেই প্রস্তুতি নিই। পরীক্ষা কেমন হবে এ নিয়ে বেশ টেনশন কাজ করছিল। কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষা ভালোমতোই দিই এবং পুরস্কারও পেয়ে যাই।’ এভাবেই নিজের অনুভূতি জানাচ্ছিল প্রাইমারি ক্যাটাগরির চ্যাম্পিয়ন আহমেদ ইত্তিহাদ। নিজের ফলাফলে বেশ খুশি সে। ভবিষ্যতে গণিত অলিম্পিয়াডে আরও ভালো ফল করতে চায় ইত্তিহাদ। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছে সে। বাবা মো. হাসিবুর রহমান ও মা পারভীন রহমান দুজনেই ছেলের ফলাফলে খুশি। তাঁরা চান, ছেলে ভবিষ্যতে এ সাফল্য ধরে রেখে সামনে এগিয়ে যাবে। অবসরে খেলাধুলা ও গল্পের বই পড়তে পছন্দ তার। প্রিয় খেলা ক্রিকেট আর প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান।জুনিয়র এস এম নাইমুল ইসলামবরিশাল জিলা স্কুল ‘পরীক্ষার আগে প্রস্তুতি তেমন ভালো ছিল না, কিন্তু পরীক্ষা দিয়েছিলাম বেশ ভালোমতোই। তবে পুরস্কার পাওয়ার মতো পরীক্ষা দিইনি। জাতীয় উৎসবের দ্বিতীয় দিন ফলাফল ঘোষণার সময় হঠাৎ করে শুনলাম আমার নাম, তাও আবার চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নদের তালিকায়। অপ্রত্যাশিত এ প্রাপ্তিতে কী যে আনন্দ লাগছিল তখন!’ কথাগুলো বলছিল জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস হওয়া এস এম নাইমুল। বরিশাল জিলা স্কুলের অষ্টম শ্রেণীতে পড়ছে। শার্লক হোমস, ফেলুদাসহ নানা গোয়েন্দা-কাহিনি পড়ে সময় কাটে দিনের বেশির ভাগ সময়। কিন্তু তাতে পড়াশোনায় তেমন ক্ষতি কি হয়? ‘গোয়েন্দা ও গণিতবিদদের কাজ হচ্ছে সমস্যার পেছনে লেগে থাকা। অনুসন্ধানের মাধ্যমে সমস্যার ভেতর গিয়ে সহজ সমাধান বের করা। এ জন্যই গোয়েন্দা বইয়ের চরিত্র আর গণিতের মধ্যে এত মিল।’ নিজের কথা শোনাচ্ছিল নাইমুল। দুই ভাইয়ের মধ্যে নাইমুল ছোট। সব কাজে বাবা চিকিৎসক এস এম নজরুল ইসলাম ও মা সালমা শিকদারের অনুপ্রেরণা কাজ করে তার। বড় হয়ে কী হতে চাও? ‘আগে ডাক্তার হওয়ার ইচ্ছে থাকলেও এখন গণিত বা কম্পিউটার বিজ্ঞানেই পড়ার চিন্তা করছি।’সেকেন্ডারি সাজিদ আখতার সিরাজগঞ্জ বিএল সরকারি উচ্চবিদ্যালয়‘যখন নাম ঘোষণা শুরু করল, তখন প্রথম দিকে বেশ অবাকই হয়েছিলাম। একের পর এক নাম ঘোষণা হচ্ছে কিন্তু আমার নাম কোথায়? একেবারে সবার শেষের দিকে হঠাৎই নাম ঘোষণা করা হলো। শুনেই দৌড়ে মঞ্চে উঠি।’ এভাবেই নিজের অনুভূতির কথা জানাচ্ছিল সেকেন্ডারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস হওয়া সাজিদ আখতার। ‘২০০৯ সালে গণিত অলিম্পিয়াডে প্রথম অংশ নিই এবং সেবার থেকে প্রতিবারই আঞ্চলিক ও জাতীয় পুরস্কার পাই। গত বছরও হয়েছিলাম জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন।’পর পর দুই বছর সেরাদের সেরা হওয়ায় ‘তাই অনেক বেশি খুশি’ সাজিদ। দুই ভাইবোনের মধ্যে বড় সে। গণিতে ভালো করার পেছনে মা রাকিবা আফরোজ ও বাবা চিকিৎসক সোহেল আখতার দুজনের সমান উৎসাহের কথা বলে সাজিদ। সিরাজগঞ্জের বিএল সরকারি উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়ছে সে। ‘অবসরে ভালো লাগে সায়েন্স ফিকশনের বই পড়তে আর গান শুনতে।’ সাজিদ বড় হয়ে হতে চায় কম্পিউটার প্রকৌশলী।হায়ার সেকেন্ডারিসৌরভ দাসঢাকা কলেজ সামনে উচ্চমাধ্যমিক পরীক্ষা। সেই হিসাব কষলে এবারই গণিত উৎসবে অংশগ্রহণের শেষ সুযোগ ছিল সৌরভ দাসের। ইতিমধ্যে দুবার আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিয়েছে সে। জাতীয় গণিত উৎসবে এর আগে বেশ কয়েকবার বিজয়ের স্বাদ পেলেও ছিল না সেরাদের সেরা হওয়ার সম্মান। এবার সেই আক্ষেপটা শেষ হলো বলে জানায় ঢাকা কলেজের শিক্ষার্থী সৌরভ দাস। বাবা শিক্ষক গৌতম বুদ্ধ দাস এবং মা সুচেতা ভৌমিক গৃহিণী। এক ভাই এক বোনের মধ্যে সৌরভ বড়। ২০১২ সালে আইএমও তে বাংলাদেশ গণিত দলের হয়ে ব্রোঞ্জপদক জেতার সুযোগ হয়েছে তার। ‘এবার যদি আইএমও দলে থাকতে পারি, তাহলে ইচ্ছা আছে গতবারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার আগের সাফল্যকে ছাড়িয়ে যাওয়া।’ জানায় সৌরভ। আগামী দিনে গণিত ও বিজ্ঞানের মৌলিক বিষয় নিয়ে পড়তে চায় সে। অবসরে সায়েন্স ফিকশন বই পড়া আর ক্রিকেট খেলতে পছন্দ সৌরভের।