সেরাদের সেরা বগুড়ার আট শিক্ষাপ্রতিষ্ঠান

২০১২ সালের এসএসসির ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডে পঞ্চম বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ পরের বছর তিন ধাপ পিছিয়ে অষ্টম স্থানে ছিল৷ বোর্ডের সেরা দশে স্থান করে নিলেও এ ফলাফলে দিয়েছিল হতাশা৷ কিন্তু এবার প্রতিষ্ঠানটি শুধু ঘুরে দাঁড়ায়নি, একেবারে সাফল্যের শিখরে উঠেছে। অষ্টম স্থান থেকে এবার বোর্ডের প্রথম স্থান অর্জন করে সেরাদের সেরা প্রতিষ্ঠানের সাফল্য পেয়েছে।
এ সাফল্যের খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে। সেই উচ্ছ্বাসে যোগ দেন শিক্ষক-অভিভাবকেরাও। সেরাদের সেরা এ প্রতিষ্ঠানের মতোই আরও সাতটি প্রতিষ্ঠান শতভাগ পাসের মাধ্যমে রাজশাহী শিক্ষা বোর্ডে প্রথম, দ্বিতীয়, তৃতীয়সহ এবার সেরাদের তালিকায় স্থান করে নেওয়ায় গোটা বগুড়া শহরেই গতকাল আনন্দের বন্যা বয়ে যায়। পরীক্ষার ফলাফল প্রকাশের পরপরই গোটা শহরে সাফল্যের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে চলে মিষ্টি বিতরণ।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লে. কর্নেল মো. জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গতবারের ফলাফল সবাইকে হতাশ করেছিল। এ জন্য ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা ছিল শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক—সবার। শিক্ষকেরা শ্রেণিকক্ষে পরিকল্পিত পাঠদানের পাশাপাশি বেিশ যত্নবান ছিলেন। শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার পাশাপাশি লেখাপড়ায় বেশি মনোযোগী ছিল। আর সন্তানদের ভালো ফলাফল অর্জনের জন্য সচেতনতার পাশাপাশি অভিভাবকদের অন্য রকম তদারকি ছিল। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের এ সমন্বিত প্রচেষ্টায় আমরা শুধু ঘুরেই দাঁড়াইনি, দেশসেরা প্রতিষ্ঠানের সাফল্য অর্জন করতে পেরেছি।’
অধ্যক্ষ আরও বলেন, ভালো ফলাফল অর্জনের আরেকটি কারণ রাজনৈতিক স্থিতিশীলতা। গতবারের রাজনৈতিক অস্থিরতায় দফায় দফায় পরীক্ষা পিছিয়ে গেছে। ভালো প্রস্তুতির পরও পরীক্ষা পেছানোর কারণে শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারেনি। এবার নির্বিঘ্নে পরীক্ষা দিতে পেরেছে তারা।
রাজশাহী শিক্ষা বোর্ড সূত্র জানায়, বোর্ডসেরা বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে ২৭১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ২০৮ এবং ব্যবসায় শিক্ষায় ৬৩ জন পরীক্ষার্থী ছিল। এই ২৭১ জন শিক্ষার্থীই জিপিএ-৫ পেয়েছে। ২০১৩ সালে ২২০ জন পরীক্ষার্থীর মধ্যে ২০৫ এবং ২০১২ সালে ২৪৫ জনের মধ্যে ২২০ জন জিপিএ-৫ পেয়েছিল।
২০১২ সালে রাজশাহী বোর্ডের সেরা হয়েছিল বগুড়ার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। গতবার দুই ধাপ পিছিয়ে বোর্ডে তৃতীয় হয়েছিল প্রতিষ্ঠানটি। এবার এক ধাপ এগিয়ে বোর্ডের দ্বিতীয় স্থান অর্জন করেছে। ২৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫১ জন জিপিএ-৫ পেয়েছে। গতবার জিপিএ-৫ পেয়েছিল ২২৮ জন।
বগুড়ার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুন প্রথম আলোকে বলেন, ‘প্রতিষ্ঠানের সাফল্য বা পরিবর্তন আনার জন্য প্রয়োজন শিক্ষকদের দরদ ঢেলে পাঠদান এবং শিক্ষার্থীদের ক্লাসে মনোনিবেশ। শিক্ষার্থীদের আপন করে নিতে পারলে সাফল্য আসবেই। সেই ধারাবাহিকতায় আমরাও সাফল্যের ধারা ধরে রেখেছি।’
গত বছরের শিক্ষা বোর্ডের প্রথম স্থান পাওয়া সেরাদের সেরা বগুড়া জিলা স্কুল এবার দুই ধাপ পেছনে ছিটকে পড়ে বোর্ডের তৃতীয় হয়েছে। এ প্রতিষ্ঠান থেকে এবার ২৬২ জন পরীক্ষা দিয়ে ২৫০ জন জিপিএ-৫ পেয়েছে। গতবার এ বিদ্যালয় থেকে ২৫৩ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছিল ২৩২ জন। ২০১২ সালে এ বিদ্যালয় বোর্ডে চতুর্থ এবং ২০০২ এবং ১৯৯৬ সালে এ বিদ্যালয় বোর্ডের প্রথম হয়েছিল।
জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. রমজান আলী বলেন, ‘বোর্ডসেরার অবস্থান ধরে রাখতে পারিনি; এ ব্যর্থতা শিক্ষার্থীদের নয়; আমাদের। তবে বোর্ডে প্রথম হওয়ার চেয়েও বেিশ খারাপ লাগছে ১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ না পাওয়ার কারণে।’