সেলফি উল্টো দেখায়...
সেলফি তুলতে খুবই পছন্দ আনিলা তাবাসসুমের। ঘরে বা বাইরে যেখানেই থাকেন না কেন, আনন্দের মুহূর্তগুলো ধরে রাখেন মুঠোফোনে। তবে একটি বিষয় কিছুতেই বুঝতে পারেন না, মুঠোফোনের সামনের (ফ্রন্ট) ক্যামেরায় সেলফি তোলার পর ছবি উল্টো দেখায় কেন। কীভাবে ডান হাতকে দেখা যায় বাঁ হাত। বিশেষ করে পেছনে কোনো লেখা থাকলে সেগুলোও উল্টে যায়। নিচের কৌশল অবলম্বন করে এ সমস্যা থেকে মুক্তি মিলবে।
অ্যান্ড্রয়েড মুঠোফোনে যা করতে হবে
বাজারে বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা মুঠোফোন পাওয়া যায়। হালনাগাদ প্রযুক্তির প্রায় সব অ্যান্ড্রয়েড মুঠোফোনের সেটিংস পরিবর্তন করে ‘সোজা’ সেলফি দেখা যায়।
স্যামসাং মুঠোফোনে এ সমস্যার সমাধান করার জন্য প্রথমে সেটিংস অপশনে যেতে হবে। তারপর ‘সেভ পিকচারস অ্যাজ প্রিভিউড ’ অপশন বন্ধ করতে হবে। এই অপশন স্বয়ংক্রিয়ভাবে চালু থাকার কারণেই মূলত সেলফি ক্যামেরায় তোলা ছবি উল্টো দেখায়।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা অন্য ব্র্যান্ডের মুঠোফোনের সেটিংস পরিবর্তন করে এই সমস্যার সমাধান করা যায়। এসব মুঠোফোনের সেটিংস অপশনে ‘পিকচারস অ্যাজ প্রিভিউড’ অপশনটি স্বয়ংক্রিয়ভাবে চালু থাকে। অপশনটি বন্ধ করলেই তোলা সেলফি আর উল্টা দেখাবে না।
মনে রাখতে হবে, বিভিন্ন ব্র্যান্ডের মুঠোফোনের সেটিংসে অপশনটি ভিন্ন নামে থাকতে পারে।
আইফোনে যা করতে হবে
ক্যামেরা তুলনামূলকভাবে ভালো হওয়ায় অনেকেই ছবি তোলার জন্য আইফোন ব্যবহার করেন। কিন্তু পূর্ব নির্ধারিত (ডিফল্ট) সেটিংসের কারণে আইফোনেও সেলফি তুললে তা উল্টো দেখা যায়। মাত্র কয়েক ক্লিকেই সমস্যা থেকে মুক্তি মিলবে। এ জন্য প্রথমে আইফোনের সেটিংস অপশনে যেতে হবে। সেখান থেকে ক্যামেরা অপশন নির্বাচন করতে হবে। এবার কম্পোজিশন অপশনে গিয়ে ‘মিরর ফ্রন্ট ক্যামেরা’ অপশনটি অন থাকলে সেটা বন্ধ করে দিতে হবে। তখন সেলফি সোজাই দেখাবে।