সেলফি কথন
প্রতিটি ভালো সেলফির পেছনে নাকি থাকে অন্তত সাতচল্লিশটি ব্যর্থ সেলফি। মানে যেগুলো আলোর (ফেসবুক প্রোফাইল কিংবা ইনস্টাগ্রাম) মুখ দেখার যোগ্য হয়নি। কারও বেলায় সেটা শয়ের ঘরেও চলে যেতে পারে, তারপরও কি তোলা হয় মনমতো
একটা সেলফি!
হাত লম্বা করে বাড়িয়ে এভাবে সেলফি তুলতে তুলতে মানব প্রজাতির নাকি বিবর্তনই হয়ে যাবে। হাতটা হয়ে যাবে সেলফি স্টিকের মতোই লম্বা। ভাইরাল এই রসিকতায় গুরুত্ব দেওয়ার দরকার নেই। সেলফি তুলতে পছন্দ করি আমরা কম-বেশি সবাই। যে বন্ধুটি আপনার সেলফি দেখে মুখ বাঁকাচ্ছে, সেলফি নাকি মানসিক রোগ—এ জাতীয় খবরের লিংক পাঠাচ্ছে আপনাকে, নিশ্চিত জানুন আপনার দারুণ সব সেলফি দেখে হিংসায় জ্বলে যাচ্ছে সে। আয়না কিংবা মুঠোফোনের ফ্রন্ট ক্যামেরার সামনে নানা ভঙ্গিমায় চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজের সেলফি তোলার। সরাসরি জিজ্ঞেস করতে পারছে না আপনার সেলফির রহস্য। তাঁদের জন্যই রইল ভালো সেলফি তোলার নানা টিপস। ঈদের উৎসবের কম-বেশি সেলফি তোলা তো হবেই।

আলোই সব
ভালো একটা ছবি তোলার জন্য আলোকচিত্রীর যা যা মানতে হয়, সেলফির বেলাতেও সেসব প্রযোজ্য। মানে ভালো আলো চাই-ই। ছবির জন্য দিনের আলোই সবচেয়ে ভালো। সেলফি তোলার সময় মুখ রাখুন আলোর উৎসের দিকে, মুখের ওপর যাতে আলো পড়ে। মাথার ওপর থেকে নরমভাবে যাতে আলোটা মুখে পড়ে। রাতে যদি ছবি তোলেন, তখনো একথা মনে রাখুন।
কোন কোণে
বিশেষ একটি কোণ থেকে আপনাকে আরও আকর্ষণীয় দেখায়, খুঁজে নিন সেই কোণ। চোখের (আই লেভেল) একটু ওপরে থাকবে ক্যামেরা ধরা হাত। এতে করে ‘ডবল চিন’ বিড়ম্বনায় পড়তে হবে না। মুখটাও সামান্য ঘুরিয়ে নিতে পারেন, যাতে কিছুটা সরু দেখায়। একদম সরাসরি ক্যামেরার দিকে মুখ রেখে ছবি তুললে কিছুটা মোটা দেখাতে পারে। ইউটিউব তারকা মিশেল ফ্যানের পরামর্শও মনে রাখতে পারেন, চিবুকের নিচে সাদা এক টুকরো কাগজ ধরে রাখুন। তাতে নাকি আলোর নরম প্রতিফলন পড়বে মুখে, ডবল চিনও মনে হবে না।
আশপাশটাও দেখুন
‘এপিক ফেইল’ জাতীয় ওয়েবসাইটে অসংখ্য ছবি পাবেন হাস্যকর সব সেলফির। বিশেষ করে বাথরুমে দাঁড়িয়ে যাঁদের সেলফি তোলার ঝোঁক, তাঁরা দেখে নিন আশপাশটা। ছবির ব্যাকগ্রাউন্ড তেমন ভালো না হলে তোলার পরে ক্রপ (কেটে ফেলা) করে নিন। পর্যটক অ্যালেক্স চ্যাকনের মতো বিশ্বজুড়ে ঘুরে ঘুরে দারুণ সব পটভূমিতে সেলফি তোলা হয়তো হবে না আপনার। তিন বছর মোটরসাইকেলে চড়ে ৩৬টি দেশ ঘুরে ঘুরে এই তরুণ তুলেছিলেন সেলফি। ইউটিউবে কিংবা তাঁর ওয়েবসাইটে দেখে নিতে পারেন ‘৩৬০ ডিগ্রি সেলফি’ ভিডিওটি।
কেমন ক্যামেরা
ফোনের ক্যামেরা ঘুরিয়ে প্রায় অন্ধের মতোই সেলফি তোলার দিন আর নেই। ভালো সেলফি তোলা যায় কি না, স্মার্টফোন কেনার সময় সেটাও এখন বিবেচ্য বটে! আজকাল প্রায় সব ফোনের ফ্রন্ট ক্যামেরা যথেষ্ট শক্তিশালী। স্যামসাং গ্যালাক্সি নোট ফোর, অপ্পো এন ওয়ান, সনি এক্সপেরিয়া সি থ্রি, এইচটিসি ডেজায়ার আই, এইচটিসি ওয়ান এম এইট, নকিয়া লুমিয়া—এই ফোনগুলোকে সিনেট ডটকম রেখেছে সেরা সেলফি ফোনের তালিকায়। আর যেকোনো আইফোন ব্যবহারকারী মাত্রই জানেন আইফোনের ফ্রন্ট ক্যামেরার মাহাত্ম্য। বেছে নিন আপনার সাধ্যের ফোনটি।
ফিল্টার আর অ্যাপস
‘নোফিল্টার’ কিংবা ‘নোমেকআপ’ হ্যাশট্যাগ দেওয়া সেলফি আজকাল বেশ জনপ্রিয়। বিশ্বজুড়ে তারকারা আপলোড করছেন কোনো রকম মেকআপ কিংবা ফিল্টার ব্যবহার না করে তোলা ছবি। তেমন হলে আলাদা, কিন্তু সাধারণত কেউই আজকাল ফিল্টার কিংবা কোনো রকম অ্যাপের সাহায্য ছাড়া ছবি তুলে আপলোড করে না। কোনো কোনো তারকা তো রীতিমতো ফটোশপ ব্যবহার করে ঠিকঠাক করে নেন ছবি। স্মার্টফোনে ফটোশপ ব্যবহার অবশ্য ঝামেলাই বটে। নামিয়ে নিতে পারেন ছোটখাটো কাজের অ্যাপস। ইনস্টাগ্রামের আমারো, ক্রোম, ভ্যালেনসিয়া ফিল্টারগুলো সেলফির জন্য বেশ ভালো। মনমতো না হলে সাদাকালো ফিল্টার তো রইলই। ইউক্যাম, ব্রাইট ক্যামেরা, ক্যান্ডি ক্যামেরা—এ রকম নানা অ্যাপ পাবেন। ব্যবহার করতে পারেন সুবিধামতো।
গ্রুপফি কিংবা উইফি
যে নামেই ডাকুন, এগুলোও আদতে সেলফিই। ইলেন ডিজেনারেসের সেই অস্কার সেলফিতে ছিলেন জুলিয়া রবার্টস, ব্র্যাড পিট, ব্র্যাডলি কুপার, জেনিফার লরেন্স, লুপিতা নিয়ঙ্গেসহ আরও কত তারকা। সেই সেলফি দেখেই বুঝে নিন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে দারুণ একটা গ্রুপফি তোলার রহস্য। নিজের হাতে ক্যামেরা বলে শুধু নিজের মুখটাই দেখে নিলেন, তা নয়। দলের সবাইকেই ভালো দেখাচ্ছে কি না, তা-ও তো দেখতে হবে।
সেলফি তোলা আসলে দারুণ মজারই বটে। একে খুব গুরুত্ব দিয়ে দেখারও কিছু নেই। সেলফি তোলার সময় কী করবেন, কী করবেন না—এসব ভাবারও খুব দরকার আছে বলে মনে হয় না। স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা অন করে তুলেই ফেলুন না একটা সেলফি। পোস্ট বাটনে চাপ দেবেন কি না, সেটা তো পরের কথা।
শুভ সেলফিযাত্রা!