
‘প্রিয় পর্যটকগণ, আমরা আপনাদের সম্মান করি। এখন নিজেদের প্রতিও আপনাদের সম্মান দেখাতে শুরু করুন—সেই সময় এসেছে। তাই বোকার মতো বিপজ্জনক সেলফি তোলা বাদ দিন। ধন্যবাদ।’—ক্রোয়েশিয়ার পর্বতারোহী উদ্ধার সেবা বিভাগ এই আহ্বান জানিয়েছে।
স্মার্টফোনের ক্যামেরায় নিজেই নিজের ছবি (সেলফি) তোলার অভ্যাস এখন বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পেয়েছে। কিন্তু এটা বাড়াবাড়ি পর্যায়ে গেলেই ঘটছে বিপত্তি। কানাডার এক তরুণ (২০) সম্প্রতি সেলফি তুলতে গিয়ে ক্রোয়েশিয়ার পার্বত্য এলাকায় ২৫০ ফুট উঁচু থেকে পড়ে প্রায় মরতে বসেছিলেন। বিস্ময়করভাবে বেঁচে গেলেও তিনি গুরুতর আঘাত পেয়েছেন। পুলিশ বলছে, সেলফিকে আরও বেশি নিখুঁত করার আশায় তিনি প্লিটভিস লেকস ন্যাশনাল পার্কের একটি গাছে চড়েছিলেন। সেটির ডাল ভেঙে পড়ে গিয়েই তাঁর বর্তমান দুর্দশা হয়েছে।
স্লোভাকিয়ার এক পর্যটক গত বছর একই পার্কের পাথরে বসে সেলফি নেওয়ার চেষ্টা করেন। সেখান থেকে পড়ে গিয়ে ওই নারীর (৫৪) মৃত্যু হয়। এ রকম দুর্ঘটনা এড়াতেই ক্রোয়েশিয়ার পর্বতারোহী উদ্ধার সেবা বিভাগ সেলফি তুলতে নিষেধ করেছে। এ বিষয়ে তারা সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যম টুইটারে প্রচার চালাচ্ছে।
৪২ লাখ মানুষের দেশ ক্রোয়েশিয়ার অর্থনীতিতে পর্যটন খাতের অবদান গুরুত্বপূর্ণ। গত বছর সেখানে ১ কোটি ৪০ লাখ পর্যটকের সমাগম ঘটে। তাঁদের অধিকাংশই ক্রোয়েশিয়ার অকৃত্রিম অ্যাড্রিয়াটিক উপকূল দেখতে যান।