সেলফি তুলেই প্রিন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্মার্টফোনের খাপটাই প্রিন্টারের কাজ করে দেবে
স্মার্টফোনের খাপটাই প্রিন্টারের কাজ করে দেবে

স্মার্টফোনের ক্যামেরায় নিজের ছবি নিজে তোলার (সেলফি) বিষয়টি এখন বেশ জনপ্রিয়। তবে বেশির ভাগ ক্ষেত্রে সেলফির জানান দেওয়া হয় সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে। সেলফি তুলে তাৎক্ষণিকভাবে ছাপার (প্রিন্ট) সুবিধা নিয়ে এবার বাজারে আসছে স্মার্টফোনের বিশেষ খাপ। এ খাপ থাকলে স্মার্টফোনের সাহায্যে সেলফি তুলে সঙ্গে সঙ্গে প্রিন্ট করা যাবে। ফ্রান্সের নির্মাতারা সম্প্রতি এ স্মার্টফোন খাপের বিষয়ে জানিয়েছেন। সেলফি তোলার পর এক মিনিটের মধ্যেই এ খাপ বা কভার দিয়ে ছবি প্রিন্ট করা যাবে।
ফরাসি ব্যবসায় উদ্যোগ প্রায়ান্ট সম্প্রতি ছবি ছাপানোর বিশেষ সুবিধার মোবাইল ফোন কভারের সুবিধা তুলে ধরে। এ খাপটি তারহীন ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে যুক্ত থাকবে এবং ৫০ সেকেন্ডের মধ্যেই ছবি প্রিন্টের জন্য প্রস্তুত করে তুলতে পারে। প্রায়ান্টের প্রধান নির্বাহী ক্লিমেন্ট পিরট বলেন, একই সময়ে একটি ছবি প্রিন্ট করার কাগজ এ কভারে যুক্ত করা যাবে। অর্থাৎ ছবি ছাপার জন্য প্রতিবার কাগজ দিতে হবে।
আগামী জানুয়ারিতে নতুন এ স্মার্টফোন খাপ বাজারে ছাড়া হবে বলে জানিয়েছেন নির্মাতারা। এর দাম হবে ৯৯ ডলার। বর্তমানে চার ইঞ্চি পর্দার স্মার্টফোনের জন্য বিশেষ এ খাপ তৈরি করা হচ্ছে। —আরটি ও টেকক্রাঞ্চ