সেলফি তোলা একটি রোগ: কেটি পেরি

সেলফি তোলা তারকাদের কাছে যখন রীতিমতো জনপ্রিয় তখন শিল্পী কেটি পেরি বললেন উল্টো কথা। তাঁর কাছে এটি একটি ব্যাধি। সেলফি তোলাকে শুধু ব্যাধি উল্লেখ করেই ক্ষান্ত দেননি এ নিয়ে ভক্তদের কাছে সেলফি বিরোধী রীতিমতো প্রচারও চালিয়েছেন ‘রোর’খ্যাত এই কণ্ঠশিল্পী।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত কোচেলা মিউজিক ফেস্টিভালে অংশ নিচ্ছেন পেরি। সেখানেই এক ভক্ত তাঁকে সেলফির অংশ হতে অনুরোধ করেন। তবে রাজি করানো যায়নি কেটি পেরিকে।
পরে সেলফি নিয়ে কেটি পেরি এক টুইটে বলেছেন, ‘মিউজিক ফেস্টিভ্যালে অংশ নেওয়া বন্ধুদের বলছি, সেলফি একটা ব্যাধি।’
কেটি পেরির এই ধারণা অবশ্য একেবারেই অমূলক নয়। সম্প্রতি গবেষকেরা সতর্ক করে বলছেন, স্মার্টফোন সেলফি তোলার এই অভ্যাস ভয়ংকর বিপদজনক হতে পারে।
মার্কিন গবেষকেরা দাবি করেছেন, অতিরিক্ত সেলফি তোলার অভ্যাসের সঙ্গে মানসিক ব্যাধির সম্পর্ক থাকতে পারে। নিজের চেহারা প্রতি আকর্ষণ অনুভব করা মানসিক স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলে দিতে পারে। গবেষকেরা দাবি করেছেন, অতিরিক্ত নিজের ছবি তোলার প্রবণতা এবং সেই ছবি সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে দেওয়ার এই মানসিক সমস্যার নাম ‘সেলফিটিস’।এ ছাড়া অতিরিক্ত সেলফি তোলার সঙ্গে নার্সিসিজম ও আসক্তিরও সম্পর্ক থাকতে পারে।
নিজের প্রতিকৃতির ইংরেজি সেলফি। এটি এ বছর অক্সফোর্ড অভিধানের বর্ষসেরা শব্দ হিসেবে নির্বাচিত হয়েছে এটি। অভিধানটির সম্পাদকদের বরাতে এক খবরে বিবিসি জানিয়েছে, সামাজিক যোগাযোগের মাধ্যম ও নিজের ছবি তোলার ক্ষেত্রে যে ইংরেজি শব্দ ব্যবহূত হয় তা থেকেই ‘সেলফি’ শব্দটির উত্পত্তি।
‘সেলফি’কে অক্সফোর্ড অভিধানে সংজ্ঞায়িত করা হয়েছে এভাবে, একটি ছবি (আলোকচিত্র) যা নিজেরই তোলা নিজের প্রতিকৃতি, সাধারণত স্মার্টফোন বা ওয়েব ক্যামে ধারণ করা এবং তা যে কোনো সামাজিক মাধ্যমে আপলোড (তুলে দেয়া) করা। অক্সফোর্ড অভিধানের সম্পাদকদের তথ্য অনুযায়ী, ২০০২ সালে একটি অনলাইন ফোরাম প্রথম সেলফি শব্দটি ব্যবহার করেছিল।
সেলফি সম্পর্কে জানতে এবং সেলফির শিষ্টাচার সম্পর্কে আরও পড়ুন:
ছবি তোলা ও পোস্ট করা নিয়ে যা জানা দরকার (http://goo.gl/GjX5Hu)