সেলফি মানেই আত্মপ্রেম নয়

স্মার্টফোনের ক্যামেরায় নিজেই নিজের ছবি তোলার ব্যাপারটি সেলফি নামে বেশ জনপ্রিয়। কিন্তু এই অভ্যাস বা প্রবণতা কি কেবলই নিজের প্রতি ভালোলাগার প্রকাশ? যুক্তরাজ্যে নতুন এক গবেষণায় বলা হচ্ছে ভিন্ন কথা। সেলফি মানে সক্রিয়তাকে উৎসাহিত করা এবং তরুণ-তরুণীদের নিজের পরিচিতি বাড়ানোর প্রয়াস। পাশাপাশি এটি আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা বৃদ্ধি করে। ট্রান্সফর্ম কসমেটিক সার্জারি নামের একটি প্রতিষ্ঠান যুক্তরাজ্যের ১৮ থেকে ২৪ বছর বয়সী দুই হাজার নারী-পুরুষের ওপর জরিপ চালিয়ে ওই গবেষণা প্রতিবেদন তৈরি করেছে। সেলফি ছবির ক্ষেত্রে চোখের অভিব্যক্তিকে তাঁরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করেছেন। আর সেলফিতে হাসিমুখের ব্যাপারটা তাঁদের কাছে সবচেয়ে আকর্ষণীয়। গবেষণায় আরও বলা হয়, ২৯ বছর বয়সী মানুষেরা নিজেদের শারীরিক গঠন ও প্রকাশ নিয়ে সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী হয়ে থাকেন। আইএএনএস।