সেলফির জন্য সার্জনের কাছে

সেলফির জনপ্রিয়তা এমন অবস্থায় পৌঁছেছে যে অনেকেই এখন সেলফি তুলতে প্লাস্টিক সার্জারি পর্যন্ত করাচ্ছেন। নিখুঁত সেলফি তুলতে চান তাঁরা যাতে মুখে কোনো দাগ বোঝা না যায়। মুখের দাগ মুছতে শুধু ছবি সম্পাদনার অ্যাপ্লিকেশনের ওপর আর নির্ভর করছেন না তাঁরা, দ্বারস্থ হচ্ছেন প্লাস্টিক সার্জনদের।
সম্প্রতি আমেরিকান একাডেমি অব ফেসিয়াল প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারির বার্ষিক প্রতিবেদনে ফুটে উঠেছে সেলফি জনপ্রিয়তার একটি চিত্র। জরিপে অংশ নেওয়া প্রতি তিনজন চিকিৎসকের একজনের দাবি হচ্ছে, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে দেওয়া ছবি ভালো হয় না—এই হতাশা থেকে তাঁদের কাছে প্লাস্টিক সার্জারি করানোর অনুরোধ বেড়ে গেছে।
ওই গবেষণায় দেখা গেছে, শুধু মার্কিন সার্জনরা ২০১২ থেকে ২০১৩ সালের মধ্যে রিনোপ্লাস্টিতে ১০ শতাংশ, ৭ শতাংশ হেয়ার ট্রান্সপ্লান্ট এবং ৬ শতাংশ আইলিড সার্জারি বেড়ে যাওয়ার হার দেখতে পান।
চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁদের কাছে রোগীরা সেলফি হাতে করে নিয়ে এসে তা দেখায় এবং তাঁদের কোথায় কী ঠিক করে দিতে হবে তা বলেন। কয়েকজন চিকিৎসক বলেন, সেলফি সঠিক কোণ থেকে তোলা হয় না বলে মানুষের মুখের সঠিক প্রতিচ্ছবি তাতে ধরা যায় না।
বার্তা সংস্থা রয়টার্সকে ম্যানহাটনের প্লাস্টিক সার্জন স্যাম রিজক বলেছেন, সেলফির জন্য প্লাস্টিক সার্জারি করতে আসা অনেক রোগীকেই আমি ফিরিয়ে দিয়েছি। কারণ, আমি মনে করি সত্যিকারের মানুষটার আসল ছবি সেলফিতে ফুটে ওঠে না।’
বারো মাসে তেরো সেলফি!সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারকারীদের কাছ থেকে এ ধরনের অনুরোধ বেশি আসে। চিকিৎসকেরা বলছেন, ৩০ বছরের কম বয়সীদের ক্ষেত্রে সেলফির জন্য প্লাস্টিক সার্জারি করার হার বাড়ছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাটের মতো প্ল্যাটফর্ম ব্যবহারে মনের স্পৃহা কমে যাওয়ায় এ ধরনের প্রভাব পড়ছে।
যুক্তরাজ্যের ফ্যাশন ম্যাগাজিন এলি এক প্রতিবেদনে জানিয়েছে, এখন শুধু সেলফি তোলার জন্যই যে প্লাস্টিক সার্জনের কাছে অনেকেই যাচ্ছেন তা নয়, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে নিজের বিয়ের এনগেজমেন্টের ছবি দেওয়ার জন্যও প্লাস্টিক সার্জনের দ্বারস্থ হচ্ছেন অনেকেই।
নিউইয়র্কের চর্মরোগ বিশেষজ্ঞ এরিয়েল ওস্টাড এ প্রসঙ্গে জানিয়েছেন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ছবি দেওয়ার জন্য ত্বকের পরিচর্যার হার ৪০ শতাংশ পর্যন্ত বেড়েছে। এ ছাড়া ইন্টারনেটের এই প্রজন্ম দিনরাত কম্পিউটারের দিকে ঝুঁকে ‘টেক নেকস’ সমস্যা ও মুখে বলিরেখা তৈরি করে ফেলছে।
যাঁরা সেলফিপ্রেমী, তাঁদের জন্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, প্লাস্টিক সার্জনের পেছনে অঢেল অর্থ খরচ করে নিখুঁত সেলফি হয়তো পাবেন কিন্তু সেলফি স্টিক দিয়ে ছবি তুলতে গেলে জেল পর্যন্ত হতে পারে। কেননা, দক্ষিণ কোরিয়া সেলফি তোলার জন্য ব্যবহৃত বিশেষ ছবিটি ইতিমধ্যে বিতর্কিত হয়ে উঠেছে।
যেকোনো সামাজিক অনুষ্ঠান, বিয়েবাড়ি, বন্ধুদের জমায়েত বা সুন্দর কোনো জায়গার সামনে দাঁড়িয়ে একা বা কয়েকজন মিলে মোবাইল ফোন আর ডিজিটাল ক্যামেরায় নিজেরাই তুলে ফেলছি নিজেদের ছবি—যাকে বলে সেলফি! কবে কখন প্রথম এই সেলফির প্রচলন হলো তা নিয়ে গবেষণা হয়েছে প্রচুর। মার্কিন আলোকচিত্রী রবার্ট কর্নেলিয়াস ১৮৩৯ সালে নিজের ছবি নিজে তুলে পৃথিবীর প্রথম সেলফি তৈরি করেন। কিন্তু এ যুগে সেলফি বলতে যা বোঝায় সেই ‘সেলফি’ শব্দটি অস্ট্রেলিয়ার একটি অনলাইন ফোরাম সর্বপ্রথম ব্যবহার করে ২০০২ সালে। এরপর থেকে বিষয়টির জনপ্রিয়তা বাড়তে থাকে, স্থান পায় অক্সফোর্ড অভিধানে এবং ২০১৩ সালে বর্ষসেরা শব্দের খেতাবও অর্জন করে ‘সেলফি’।
সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান, তারকা, রাজনীতিবিদ, খেলোয়াড়, পর্যটক, মহাশূন্যচারী, শিশু-যুবক-বৃদ্ধ—কে নেই সেলফি তোলার তালিকায়!