সোনাজয়ী আইবিএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরস্কার হাতে সুমাইয়া, দেবজিৎ ও সাবরিনা
পুরস্কার হাতে সুমাইয়া, দেবজিৎ ও সাবরিনা

আবারও বিজয়মঞ্চে উচ্চারিত হলো ‘বাংলাদেশ’ নামটি, আবারও লাল-সবুজের পতাকা দেখা গেল সবচেয়ে উঁচুতে। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড, জন হপকিন্স, ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়, ভারতের আইআইটিসহ পৃথিবীর নামকরা ২২৮টি বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে সোনা জিতে আনল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) তিন শিক্ষার্থী। সম্প্রতি হংকংয়ে অনুষ্ঠিত পলি ইউ গ্লোবাল স্টুডেন্ট চ্যালেঞ্জে আইবিএর শিক্ষার্থী সুমাইয়া তাবাসসুম, সাবরিনা আফরোজ ও দেবজিৎ সাহা জিতে নেন ২০১৩ সালের ‘গোল্ড মেডেল’।
সুমাইয়া, সাবরিনা, দেবজিৎ—তিনজনের দলটির নাম ছিল ‘কাইজেন’। হংকং পলিটেকনিক বিশ্ববিদ্যালয় কর্তৃক বিশাল কলেবরে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ৩৪টি দেশের ২২৮টি দল। দেড় বছর ধরে চলা বিশাল ব্যাপ্তির এই প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র দল হিসেবে অংশ নেয় কাইজেন, আর তাতেই ইতিহাস।
নতুনত্ব ও ব্যবসায়িক উদ্যোগকে উৎসাহিত করতে আয়োজিত পলি ইউ গ্লোবাল চ্যালেঞ্জের তৃতীয় এই আসরে কাইজেন দল উপস্থাপন করে ‘সুরক্ষা’ নামের একটি প্রকল্প। এই প্রকল্পটির সঙ্গে আছে আন্তরিক সদিচ্ছা ও কিছু মেহনতি মানুষের স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনার আকাঙ্ক্ষা। দেশের রপ্তানিবাজারের চালিকাশক্তি যে তৈরি পোশাকশিল্প, তার সঙ্গে জড়িয়ে আছে প্রায় ৪০ লাখ শ্রমিকের হাড়ভাঙা পরিশ্রমের কাহিনি। বাংলাদেশের জিডিপির প্রায় ১৪ শতাংশ আসে তৈরি পোশাকশিল্প থেকে। তবে পোশাকশিল্পের এই নিপুণ কারিগরদের জীবন কিন্তু এত নিপুণ নয়। মাস শেষে যে অল্প কয়টি টাকা তাঁরা জীবনধারণের জন্য পান, মাস শেষ হতে না-হতেই সেখানেও পড়ে টান। নুন আনতে পান্তা ফুরোনোদের জীবনে তাই স্বাস্থ্যসমস্যা নিয়ে টাকা খরচ অনেকটা বিলাসিতার পর্যায়েই পড়ে।

সুমাইয়া দেবজিত ও সাবরিনা, ছবি: কবির হোসেন
সুমাইয়া দেবজিত ও সাবরিনা, ছবি: কবির হোসেন

পোশাকশিল্পের শ্রমিকদের প্রায় ৮৫ শতাংশ যে নারীশ্রমিক, তারা যেন সব সময়ই অবহেলিত। মাসিক ঋতুকালীন সময়ে অস্বাস্থ্যকর ব্যবস্থা বেছে নেওয়ার কারণে এ নারীরা শিকার হন নানা রকম মেয়েলি সমস্যার। কারণ, স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন কেনার সামর্থ্য নেই তাঁদের। প্রতিযোগিতায় কাইজেন দলের উপস্থাপনায় ছিল এই মেহনতি নারীদের জন্য অত্যন্ত স্বল্প খরচের ‘সুরক্ষা’ নামের স্যানিটারি ন্যাপকিন তৈরি ও বাজারজাতকরণের পরিকল্পনা। এ ছাড়া দোকানে গিয়ে পুরুষ দোকানমালিকের কাছ থেকে ন্যাপকিন কেনার বিড়ম্বনাও নারীদের জন্য অন্যতম একটি সমস্যা। এই সমস্যা দূর করতে পোশাকশিল্পের নারীকর্মীদের কাছে ‘সুরক্ষা’ ন্যাপকিনটি সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য থাকবে ‘তথ্যপরী’ নামে নারী কর্মীর একটি দল, যারা বিভিন্ন গার্মেন্টসপল্লিতে বিপণনের কাজটি করবেন। অনবদ্য, সৃজনশীল ও কার্যকরী এই প্রকল্প উপস্থাপনার জন্য দলটি অর্জন করে নেয় পাঁচ হাজার মার্কিন ডলারের গোল্ড মেডেল এবং এক হাজার ৫০০ মার্কিন ডলার মূল্যমানের ‘হেলথ ও ওয়েলনেস’ বিশেষ পুরস্কার—মোট ছয় হাজার ৫০০ মার্কিন ডলার (প্রায় পাঁচ লাখ টাকা সমমূল্যের পুরস্কার)।
বিচারকদের কাছে বাংলাদেশের রক্ষণশীল সমাজের বাস্তবতায় এই প্রকল্পটি অত্যন্ত প্রগতিশীল চিন্তা হিসেবে বিবেচিত হয়। আন্তর্জাতিক মঞ্চে এতগুলো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশকে উপস্থাপন করতে পেরে গর্বিত সুমাইয়া। ‘নিজের দেশকে বিশ্ববাসীর সামনে উপস্থাপন এবং সেই সঙ্গে প্রথম পুরস্কার অর্জন, এটা আসলেই আমাদের জন্য বিশাল পাওয়া। প্রতিযোগিতায় উপস্থিত নামকরা ব্যবসায়ী, করপোরেট ব্যক্তিত্ব, অধ্যাপকদের নিয়ে গঠিত বিচারক প্যানেল আমাদের কাজকে উৎসাহিত করেছেন এবং এই প্রকল্পের সাফল্য কামনা করেছেন। আমরা আমাদের এই প্রকল্পটিকে বাস্তবে রূপ দিতে চাই।’ বলেন সুমাইয়া।
দলের আরেক সদস্য সাবরিনা অত্যন্ত আশাবাদী তাঁদের এই প্রকল্প নিয়ে। সাবরিনা বলেন, ‘প্রতিযোগিতার শুরুতে শুধু নামটি ছাড়া বাংলাদেশ সম্পর্কে অধিকাংশ মানুষই জানত না। অথচ সেই দেশের প্রতিনিধিত্ব করে সেরার পুরস্কার পাওয়ার পরে যখন সবাই আমাদের অভিনন্দন জানাচ্ছিলেন, তখন সত্যিই অনেক গর্ববোধ হচ্ছিল। “সুরক্ষা” প্রকল্পটির মাধ্যমে পোশাকশিল্পের নারী শ্রমিকদের ব্যক্তিগত ও কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনাটাই আমাদের মূল উদ্দেশ্য।’ আর প্রত্যয়ী দেবজিতের কণ্ঠে ধ্বনিত হলো দেশের জন্য কিছু করতে চাওয়ার শপথ, ‘ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থী হিসেবে দেশের অর্থনীতিতে অবদান রাখতে চাই আমরা। নারী শ্রমিকদের উন্নয়নের মধ্যেই তৈরি পোশাকশিল্পের উন্নয়ন নিহিত আছে। এই খাতের উন্নয়নে কাজ করব আমরা।’
পলি ইউ গ্লোবাল স্টুডেন্ট চ্যালেঞ্জে তিনটি থিমের ওপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘হেলথ ও ওয়েলনেস’, ‘করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি’, ‘লাইফস্টাইল, এনভায়রনমেন্ট ও সাসটেনেবিলিটি’। প্রতিটি থিমের জন্য একটি করে দল পুরস্কার লাভ করে এবং সব মিলিয়ে চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় গোল্ড মেডেল। বাংলাদেশে প্রথমে পুরস্কার লাভ করে হেলথ ও ওয়েলনেস বিভাগের থিম পুরস্কার এবং সবশেষে চ্যাম্পিয়ন হিসেবে অর্জন করে গোল্ড মেডেল।
চূড়ান্ত প্রতিযোগিতার জন্য শুধু হংকং যাওয়া নয়, তাঁদের সাত দিনের হংকং সফর স্মরণীয় হয়ে ছিল বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার মধ্যেও। ওশ্যান পার্ক, সায়েন্স পার্ক, জাম্বু সি ফুড রেস্টুরেন্ট—এ রকম আরও নানা জায়গায় ভ্রমণের সুযোগের মধ্য দিয়ে পুরো হংকং সফরটি ছিল কাইজেন দলের জন্য খুবই উপভোগ্য।
কাইজেন নামের একটি ‘মার্কেট রিসার্চ’ প্রতিষ্ঠান আছে এই দলটির। ভবিষ্যতে এই প্রতিষ্ঠান ও ‘সুরক্ষা’ প্রকল্পটি নিয়ে কাজ করার ইচ্ছা কাইজেন দলের। সুমাইয়া, দেবজিৎ আর সাবরিনার বিশ্বাস, তরুণ উদ্যোক্তাদের হাত ধরেই সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশের অর্থনীতি। তরুণদের হাত ধরেই তৈরি হবে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ।