সোনার কম্পিউটার! (ভিডিও)
ফরাসিদের ঐতিহ্যের কথা মাথায় রেখে সম্প্রতি ফ্রান্সের একটি প্রাযুক্তিক পণ্যনির্মাতা প্রতিষ্ঠান সোনায় মোড়ানো কম্পিউটার তৈরি করেছে। ফ্রান্সের রাজা ষোড়শ লুইয়ের শাসনামলের ঐতিহ্য অনুসারে সোনায় মোড়ানো এ কম্পিউটারের নকশা করেছেন জর্জ চিরিটা। কম্পিউটারটি কেবল প্রদর্শনের জন্যই তৈরি হয়নি; এই ডেস্কটপ কম্পিউটার অফিস বা ব্যক্তিগত কাজে ব্যবহারের উপযোগী। এক খবরে এ তথ্য জানিয়েছে রয়টার্স।নির্মাতা জর্জ চিরিটা এই কম্পিউটার তৈরি প্রসঙ্গে জানান, সুন্দর ও আড়ম্বরপূর্ণ একটি কম্পিউটার তৈরির উদ্দেশ্যেই সোনার কম্পিউটারটি তৈরি করা হয়েছে। এর যে ইনটেরিয়র ডিজাইন, তাতে ফরাসি ঐতিহ্য স্মরণ করা হয়েছে। প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবন যেমন এতে যোগ করা হয়েছে, তেমনি যুক্ত হয়েছে ঐতিহ্যবাহী নকশা।ইউরোপ ছাড়াও চীন ও মধ্যপ্রাচ্যের ধনকুবেরদের এ ধরনের কম্পিউটারের প্রতি আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন চিরিটা। রানি এলিজাবেথের ডায়মন্ড জুবিলিতে সোনায় মোড়ানো একটি ইউএসবি ড্রাইভ উপহার দিয়েছিলেন জর্জ চিরিটা।চিরিটার সোনার কম্পিউটারের দাম পড়বে বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৭ লাখ টাকা।