সোনারগাঁয়ে দুটি গ্রাম হবে ডিজিটাল গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনারগাঁয়ে এক বছরের মধ্যে দুটি ডিজিটাল গ্রাম গড়ার ঘোষণা দিয়েছে ‘সুবর্ণ গ্রাম’ নামের একটি সামাজিক সংগঠন। সম্প্রতি নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সম্মেলনে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার সোনারগাঁয়ে আগামী দুই বছরের মধ্যে তথ্যপ্রযুক্তি পল্লি গড়ে তোলার ঘোষণা দেন। সম্মেলনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. সামছুর রহমান।সম্মেলনে সুবর্ণ গ্রামের প্রধান নির্বাহী শাহেদ কায়েস বলেন, আমরা সুবর্ণ গ্রামের পক্ষ থেকে সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত অনুযায়ী সোনারগাঁয়ের দুটি গ্রাম বাণীনাথপুর ও মেঘনার মায়াদ্বীপকে ডিজিটাল গ্রামে রূপান্তরের জন্য কাজ করছি।’ তিনি বলেন, এক বছরের মধ্যে এ দুটি গ্রামের সবাইকে কম্পিউটার জ্ঞান দেওয়া হবে। ইতিমধ্যে বাণীনাথপুরে তিনজন প্রশিক্ষকের মাধ্যমে তিনটি কম্পিউটার কেন্দ্র পরিচালনার কাজ শুরু করা হয়েছে। আর মায়াদ্বীপে বিদ্যুৎ না থাকায় শুরুতে সপ্তাহে চার দিন ল্যাপটপের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। এ ক্ষেত্রে সোলার প্যানেলের মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে। —আসিফ হোসেন, নারায়ণগঞ্জ