সোশাল গুড সামিটের বাংলাদেশ পর্ব অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের তিনদিন ব্যাপী ‘সোশ্যাল গুড সামিট’ নামের সম্মেলনটির সমাপনী পর্বটি অনুষ্ঠিত হয়ে গেল। এ নিয়ে তৃতীয়বারের মত আয়োজিত ‘সোশ্যাল গুড সামিট’ সম্মেলনটি শুরু হয়েছিল ২২ সেপ্টেম্বর, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সোমবার অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে। যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছিল জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ এবং বাংলাদেশ সরকারের একসেস টু ইনফরমেশন কর্মসূচি বা এটুআই। সোশাল গুড সামিটের বাংলাদেশ পর্বে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মকেই তথ্য প্রযুক্তির প্রসার ঘটাতে হবে। প্রযুক্তির প্রসার ঘটানোর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সমাজের মঙ্গল করতে প্রযুক্তির প্রয়োগ ঘটানোর ওপর গুরুত্ব দেন তিনি। বর্তমান সরকার দারিদ্র্য হ্রাস এবং গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সামাজিক গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে বলেও জানিয়েছেন ইয়াফেস ওসমান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টেফান প্রিজনার। তিনি বলেন, সামাজিক যোগাযোগ ও তথ্যপ্রযুক্তির ব্যবহার হতে হবে মানুষের মঙ্গলের জন্য, মানুষের কাছে পৌঁছানোর জন্য। তিনি বলেন, সমাজের প্রান্তিক মানুষের কাছে পৌঁছানোর জন্য ও তাঁদের অধিকার রক্ষায় কাজ প্রযুক্তি সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দিতে হবে।’অ্যাকসেস টু ইনফরমেশন বা ‘এটুআই’ প্রকল্প কর্মকর্তা আনীর চৌধুরী বলেন, বাংলাদেশে এখন ৪ হাজার ৫৪৫টি উপজেলায় তথ্যপ্রযুক্তি সেবা দেয়া হচ্ছে। পাশাপাশি উপজেলা পরিষদগুলো মোবাইল ব্যাংকিং সেবার সুবিধার আওতায় এসেছে। তিনি বলেন, বাংলাদেশে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। পুরুষের পাশাপাশি নারীরাও এক্ষেত্রে এগিয়ে এসেছে।সম্মেলনটির ঢাকায় আয়োজিত বাংলাদেশ পর্বের অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিরা সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে সামাজিক উন্নয়নের বাধাগুলো দূর করতে বিভিন্ন উদ্ভাবনী চিন্তা ও মত প্রকাশের পাশাপাশি সমাজের প্রগতি ও স্থিতিশীলতার জন্য তথ্যপ্রযুক্তি ও সামাজিক যোগাযোগের নতুন উদ্ভাবনী চিন্তা সম্পর্কে তাঁদের মতামত জানিয়েছেন।প্রতিবছর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বের সবচেয়ে জরুরি বিষয়গুলো তুলে ধরে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সুযোগ পান বিশ্ব নেতারা।সামাজিক সমস্যাগুলো দূর করতে নতুন প্রযুক্তি ও যোগাযোগ মাধ্যম কি ধরনের ভূমিকা পালন করতে পারে সোশাল গুড সামিটের ঢাকা পর্বের এ আয়োজনে সে প্রসঙ্গে মতবিনিময় করার সুযোগ পেয়েছেন বাংলাদেশের তরুণ প্রজন্মসহ তথ্যপ্রযুক্তি ও সামাজিক যোগাযোগ ক্ষেত্রের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিরা। তথ্যপ্রযুক্তি, সামাজিক সেবা, ই-গভর্নেন্স, সোশাল মিডিয়া ও নিউ মিডিয়া নিয়ে যারা এদেশে কাজ করছেন তাঁদের প্রায় ২০০ জন প্রতিনিধি এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সুশীল সমাজ, সরকার, বিভিন্ন উন্নয়ন সংস্থা, উদ্যোক্তা, প্রযুক্তিবিদ ছাড়াও টেলিকনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলা প্রশাসকরা অংশ নেন। ঢাকার এ অধিবেশনে বাংলাদেশে অনলাইন ও নিউ মিডিয়ার বর্তমান পরিস্থিতি, সরকারি কাজ ও উন্নয়নে সোশাল মিডিয়ার ব্যবহার, স্থানীয় ও জাতীয় সমস্যার সমাধানে নিউ মিডিয়া ও প্রযুক্তিকে আরো বেশি সম্পৃক্ত করার উপায় এবং এর মাধ্যমে উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের বাধাগুলো দূর করার বিষয়েও আলোচনা হয়েছে।এ অনুষ্ঠানে তরুণ উদ্ভাবকরা মুঠোফোন ব্যবহার করে সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য কেনা-বেচা ও মুঠোফোনে কৃষকদের পরামর্শ বিষয়ক বিভিন্ন প্ল্যাটফর্ম ও স্বাস্থ্য বিষয়ক প্ল্যাটফর্ম তৈরির কথা জানান। বাংলাদেশে ব্লগ ও অনলাইন গণমাধ্যমের ভূমিকাও তুলে ধরা হয় সোশাল গুড সামিটের ঢাকা পর্বে।