সোশ্যাল সার্ভিসেস অন হুইলস শীর্ষক প্রযুক্তি আয়োজন
গ্লোবাল কমিউনিকেশন সেন্টার (জিসিসি) এবং জাপানের টয়োটার যৌথ আয়োজনে শুরু হচ্ছে ‘সোশ্যাল সার্ভিসেস অন হুইলস’ শীর্ষক প্রযুক্তি আয়োজন। ‘সেবার গাড়ি আসছে বাড়ি’ স্লোগানে দুই মাসের এ আয়োজনে গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের কাছে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সামাজিক সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচি শুরু হচ্ছে চলতি মাসে। প্রত্যন্ত অঞ্চলে সেবা দেওয়ার জন্য এই প্রকল্পে একটি বিশেষভাবে ডিজাইন করা গাড়ি ব্যবহার করা হবে। গত শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বিষয় জানানো হয়।সম্মেলনে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন জিসিসির পরামর্শক রফিকুল ইসলাম। সম্মেলনে গ্রামীণ কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা বলেন, ‘গ্রামের মানুষের কাছে প্রযুক্তির সুবিধার কথা পৌঁছানো এবং জানানোর জন্যই এ উদ্যোগ।’ এ সময় উইন ইনকরপোরেশনের প্রধান নির্বাহী কাশফিয়া আহমেদসহ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সেবার গাড়ির কার্যকারিতা পরীক্ষার জন্য শুরুতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পাঁচটি গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিটি গ্রামে তিন দিন এই গাড়ি অবস্থান করবে। গাড়িতে থাকবে ইন্টারনেট সুবিধা ও গ্রামওয়েব সেবাসমূহ। থাকবে শিক্ষার্থীদের ইন্টারনেট শেখানো, গ্রামের ওয়েবসাইট তৈরি, স্বাস্থ্যসেবার ব্যবস্থা। এই কার্যক্রমের প্রথম দুটি এলাকা হচ্ছে যশোরের বসুন্দিয়া ও বাগেরহাটের রামপাল। এ প্রকল্পে পৃষ্ঠপোষকতা করছে জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ইলেক্ট্রো কমিউনিকেশনস, আইজিপিএফ (জাইকা), এপিলিয়ন গ্রুপ, স্কয়ার হাসপাতাল লিমিটেড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্ট, ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, দৈনিক যুগান্তর, এবং স্কয়ার ইনফরমেটিক্স লিমিটেড। বিস্তারিত জানা যাবে http://ssw.gramweb.net/projects/ssw ঠিকানায়। —নিজস্ব প্রতিবেদক