সোহেল সামাদ স্মৃতি পুরস্কার পেলেন মোস্তাফা জব্বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় কিবোর্ডের জন্য সোহেল সামাদ স্মৃতি পুরস্কার ২০১০ পেলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি ও আনন্দ কম্পিউটার্সের প্রধান নির্বাহী মোস্তাফা জব্বার। সম্প্রতি ঢাকায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে পুরস্কার দেওয়া হয়। পিআইবির মহাপরিচালক দুলাল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বিজয় কিবোর্ডের জন্য মোস্তাফা জব্বারকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের সব প্রান্তের বাংলা ভাষাভাষীরা এই বিজয় কিবোর্ড দিয়ে যে স্বাচ্ছন্দ্যের সঙ্গে বাংলা লিখছে, তা অনবদ্য। মাত্র ৫৫টি বোতাম দিয়ে সব যুক্তাক্ষরসহ অবিকৃতভাবে বাংলা লেখার যে সুযোগ বিজয় কিবোর্ডে রয়েছে, তার কোনো তুলনা হয় না। খবর বিজ্ঞপ্তির।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিআইবির সাবেক মহাপরিচালক শেখ আবদুস সালাম, হোসনে আরা আক্তারসহ অনেকে। অনুষ্ঠানে ক্রেস্ট ছাড়াও মোস্তাফা জব্বারের হাতে চেক ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে মোস্তাফা জব্বার সোহেল সামাদ স্মৃতি পদক দেওয়ার জন্য সোহেল সামাদের পরিবার ও পিআইবিকে ধন্যবাদ প্রদান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমাকে যে সম্মান দেওয়া হয়েছে তা সারা বিশ্বের সমগ্র বাঙালির সম্মান। তাঁর পুরস্কার হিসেবে পাওয়া চেকটি শিশুদের শিক্ষার জন্য বিশেষ করে ডিজিটাল শিক্ষাক্ষেত্রে ব্যয় করার কথা ঘোষণা দেন।