সৌদিতে নারীদের ওপর নজরদারিতে খুদে বার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ ধরনের ইলেকট্রনিক ব্যবস্থায় নারীদের ওপর কড়া নজর রাখছে সৌদি আরবের সরকার। কোনো নারী যদি সীমান্ত অতিক্রম করেন, তাহলে সঙ্গে সঙ্গেই পুরুষ অভিভাবকের কাছে পৌঁছে যাচ্ছে এসএমএস। সম্প্রতি এ ইলেকট্রনিক ব্যবস্থাটি চালু করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এক খবরে এই তথ্য জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন।জানা গেছে, প্রযুক্তি ব্যবহার করে নারীর ওপর নজর রাখার বিষয়টি নভেম্বর মাস থেকে চালু হয়েছে। সৌদি আরবের কোনো নারী যদি একা দেশ ছাড়ে বা দলবদ্ধভাবেও দেশ ছাড়ে, তবে তা তার পুরুষ অভিভাবককে এসএমএস করে জানানো হচ্ছে। সৌদি আরবে নারীর অধিকার বিষয়ে কাজ করছেন মানাল আল-শেরিফ। সম্প্রতি মানাল আল-শেরিফ জানিয়েছেন, একজন ব্যক্তি তাঁর স্ত্রীসহ বিদেশ যাওয়ার সময় বিমানবন্দরেই একটি এসএমএস পান, যেখানে তাঁর স্ত্রীর দেশত্যাগের বিষয়টি এসএমএস করে জানানো হয়।সৌদি আরবের লেখক ও সাংবাদিক বাদরিয়া আল-বিশার এ প্রসঙ্গে জানিয়েছেন, কর্তৃপক্ষ প্রযুক্তি ব্যবহার করে নারীর ওপর নজরদারি করছে। প্রযুক্তি ব্যবহার করে নারীদের অবরোধ করে রাখতে চাইছে।সৌদি আরবের আইন অনুসারে, পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া কোনো সৌদি নারী দেশের বাইরে যেতে পারে না। ইয়োলো শিট বা হলুদ ফর্মে অভিভাবকের স্বাক্ষর থাকলেই কেবল দেশত্যাগের অনুমতি পায় তারা।প্রযুক্তি ব্যবহার করে নারীর ওপর নজরদারির ঘটনায় টুইটারে বিভিন্ন সমালোচনা করে টুইট করেছে অনেকেই।বিশ্বের একমাত্র দেশ হিসেবে সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। এর আগে ২০১১ সালে নারীদের গাড়ি চালানোর দাবিতে দেশটিতে একদল নারী কর্মী প্রচারণা চালিয়েছিল। কিন্তু পরে সে প্রচারণা ব্যর্থ হয়। সম্প্রতি দেশটিতে নারীদের ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।