সৌন্দর্য নিয়ে নতুন প্রচারণা

কয়েকজন নারীকে পরিয়ে দেওয়া হলো বিশেষ বিউটি প্যাচ। তাঁদের বলা হলো, তাঁরা নিজেদের সৌন্দর্য নিয়ে কী অনুভব করছেন, তার একটা দিনলিপি রাখতে। দুই সপ্তাহ পর সবাই বললেন, নিজেদের আরও সুন্দর ভাবছেন তাঁরা। আর এটা বোধ হয় বিউটি প্যাচেরই গুণ। কী আছে এতে? মনোবিজ্ঞানী উল্টে দেখতে বললেন, সেখানে লেখা ‘নাথিং’, মানে কিছুই নেই। তাহলে কী দাঁড়াল, নিজেকে সুন্দর ভাবার জন্য বাইরের কোনো সাহায্যের প্রয়োজন নেই নারীদের। নিজের ভেতর থেকেই তাঁরা আনতে পারেন আত্মবিশ্বাস, অনুপ্রেরণা। এই হলো ‘ডাভ বিউটি প্যাচেস’ প্রচারণার মূল কথা। একটি ভিডিওতে দেখানো হল এসব।
১৯ এপ্রিল ঢাকার এক হোটেলে এই প্রচারণার কথা তুলে ধরা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান শাহীন ইসলাম, রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান ও আবিদা আলী এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর-পারসোনাল কেয়ার জাভেদ আক্তার এদিন উপস্থিত ছিলেন। সাংবাদিকতা, সৌন্দর্যচর্চা, ফ্যাশন, বিউটি ব্লগিং, মনোবিজ্ঞান ইত্যাদি ক্ষেত্রে কাজ করছেন এমন আমন্ত্রিত নারীদের সামনে তাঁরা আলোচনা করেন সৌন্দর্য ও আত্মবিশ্বাস নিয়ে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারাহ শারমীন।