
প্রতিদিন সাবান ব্যবহারের ফলে সাবানের ক্ষার ধীরে ধীরে কেড়ে নেয় ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য, সুস্থতা। তাই সপ্তাহে অন্তত এক দিন গোসলবা স্নান হোক বিশেষ। রোজকার গোসলে যোগ করুন সৌন্দর্যের নানা অনুষঙ্গ।
বাংলাদেশে সৌন্দর্য স্নান বা বিউটি বাথের প্রচলন শুরু হয়েছে বেশ কয়েক বছর আগে। বিশেষায়িত বিউটি স্যালনগুলোতে এটি সহজলভ্য হলেও এখন ঘরে বসেও নেওয়া সম্ভব বিশেষ সৌন্দর্য স্নান। কারণ, এর মূল উপকরণগুলো খুঁজলে আপনার হাতের কাছেই পাবেন। কিন্তু কেন নেবেন সৌন্দর্য স্নান? এর উত্তর জানালেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান। বললেন, ‘বিউটি বাথ বা সৌন্দর্য স্নানে মনে জাগে সতেজ, নির্ভার এবং প্রশান্তির অনুভূতি। খুব সহজেই তার প্রতিফলন দেখা যাবে চেহারা ও শরীরে।’
বিউটি বাথের বিশেষ পরিবেশ তৈরি করতে ব্যবহার করা হয় অ্যারোমা বা অন্য যেকোনো হালকা সুগন্ধময় মোমবাতি, মৃদু লয়ের সংগীত, উষ্ণ পানি, বাথটাব, বাথ সল্ট, যেকোনো এসেনসিয়াল অয়েল, হালকা সুগন্ধি সাবান ইত্যাদি, যা মনকে প্রশান্ত করে তোলে। গোসলের সময় ব্যবহার করা অন্যান্য উপাদানের গুরুত্বও কম নয়। যেমন, বিউটি বাথের উপকরণগুলোর মাঝে থাকতে পারে এক্সফোলিয়েটিং বাথ সল্ট, তরল বা গুঁড়া দুধ, এসেনসিয়াল অয়েল, মধু, নানান ধরনের ভেষজ, ফুলের পাপড়ি, অ্যাপল সাইডার ভিনেগার, পুদিনাপাতা, মৌরি, ধনেপাতা, কাঁচা হলুদ, তেজপাতা, এপসম সল্ট, ইউক্যালিপটাস গাছের পাতা, আদার শিকড়, সরিষা, চালের গুঁড়া, গাঁদা ফুলের পাতা, বেকিং সোডা, বিভিন্ন সুগন্ধি ফুল যেমন ক্যামোমাইল, জুঁই, গোলাপ, ল্যাভেনডার, চন্দন, ব্ল্যাক টি ইত্যাদি। বলে নেওয়া ভালো, যে দেশে যে যে উপাদান পাওয়া যায়, সাধারণত সেগুলোই ব্যবহূত হয়। এ উপাদানগুলো প্রতিটি ত্বকের জন্য খুব উপকারী। বিশেষ করে বাথ সল্ট ও অন্যান্য খসখসে পাতাগুলো ত্বকের মৃত কোষ ঝরাতে সাহায্য করে। বাথ সল্টের উপকরণ যেমন খনিজগুলো ত্বককে দূষণমুক্ত ও পরিচ্ছন্ন রাখে। ত্বকের দ্যুতি বাড়ায়, মসৃণ করে। ম্যাগনেসিয়াম দেহের শ্রান্তি, ক্লান্তি ও অবসাদ দূর করে। ক্যালসিয়াম শরীরে পানির পরিমাণ ঠিক রাখে এবং হাড়কে শক্ত করে। পটাসিয়াম ত্বকের আর্দ্রতার মাত্রা ঠিকঠাক রাখে। ব্রোমাইড ক্লান্ত ও যন্ত্রণাদায়ক পেশিকে স্বাভাবিক ও সুস্থ রাখে।
বিউটি বাথে যে উষ্ণ পানি ব্যবহার করা হয়, তা আমাদের শরীরের সব ধরনের সার্কুলেশনকে আরও ভালোভাবে কাজ করতে সহায়তা করে। রক্ত চলাচল বাড়ার ফলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। বিউটি বাথের পরিবেশ স্নায়ুগুলোকে শিথিল করে এবং ক্লান্তি ঝরিয়ে ফেলতে সাহায্য করে। হালকা ভেজা শরীরে ময়েশ্চারাইজার লোশন বা ক্রিম ব্যবহারের ফলে ত্বক পর্যাপ্ত আর্দ্রতা শুষে নেয়, যেহেতু ত্বকের রোমকূপগুলো তখন খোলা অবস্থায় থাকে।
ঘরে বসে কীভাবে বিউটি বাথ নিতে পারেন, জানালেন হারমনি স্পা বিউটি, হেলথ অ্যান্ড রিলাক্সেশন সেন্টারের প্রধান রূপ বিশেষজ্ঞ রাহিমা সুলতানা। তিনি বলেন, ত্বকের ধরন বুঝে বিউটি বাথ নেওয়া উচিত। বিউটি বাথের বিশেষ পরিবেশ এবং পানি প্রস্তুত করে নিজের ত্বকের ধরন অনুযায়ী প্যাকের সাহায্যে পুরো ত্বকের যত্ন নিতে হবে।
যাঁদের ত্বক শুষ্ক তাঁরা চন্দনগুঁড়া, দুধ, হলুদ, চালের গুঁড়া এবং কাঠবাদামবাটা মিশিয়ে পুরো শরীরে রেখে দেবেন ১৫ মিনিট। এরপর অলিভ অয়েল দিয়ে আলতো করে তুলে নেবেন।
তৈলাক্ত ত্বক যাঁদের, তাঁরা নেবেন মুগ বা মটরডালের বেসন, টমেটোর রস, শসার রস এবং গাঁদা ফুলের পাপড়ি বাটা। এসব উপকরণ পেস্ট করে লাগিয়ে টকদইয়ের সাহায্যে তুলে ফেলে গোসল করতে হবে। পিঠে ব্রণের সমস্যা থাকলে সপ্তাহে অন্তত এক দিন নিমপাতা এবং কাঁচা হলুদের পেস্ট লাগাতে হবে।
স্বাভাবিক ত্বকের জন্যও আছে প্যাক। পেস্ট তৈরি করতে হবে চালের গুঁড়া, টকদই, গাজরের রস এবং কাঁচা হলুদ বাটা দিয়ে। ১৫ মিনিট পরে অলিভ অয়েলে ঘষে তুলতে হবে।
যাঁদের শরীরে ছোপ ছোপ কালো দাগ আছে তাঁরা বিউটি প্যাক ছাড়াও সপ্তাহে এক দিন তাজা আলুর রস, পাকা পেঁপে এবং টকদইয়ের সঙ্গে চালের গুঁড়া মিশিয়ে লাগাবেন আর অলিভ অয়েলে প্যাক তুলে ফেলবেন।