সৌরজগতের বাইরে ৭১৫টি গ্রহ আবিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) বিজ্ঞানীরা আমাদের সৌরজগতের বাইরে নতুন ৭১৫টি গ্রহের সন্ধান পেয়েছেন। তাঁরা ওই একগুচ্ছ গ্রহ আবিষ্কারের কথা গত বুধবার ঘোষণা করেন। পৃথিবীসদৃশ গ্রহ অনুসন্ধানে নিয়োজিত দূরবীক্ষণ যন্ত্র কেপলার স্পেস টেলিস্কোপের পর্যবেক্ষণে ওই গ্রহগুলোর উপস্থিতি ধরা পড়ে। নাসার গবেষক জ্যাক লিসাওয়ার বলেন, নতুন গ্রহগুলো অবিষ্কারের ফলে তাঁদের পরিচিত গ্রহের মোট সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়ে প্রায় এক হাজার ৭০০টিতে পৌঁছাল। নতুন করে আবিষ্কৃত গ্রহগুলো পৃথকভাবে ৩০৫টি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে। তবে অতি দূরের এসব গ্রহের গঠন-বৈশিষ্ট্য ও জলবায়ু-পরিবেশ এখনো তেমন কিছু জানা সম্ভব হয়নি। এসব নতুন পৃথিবীতে জীবনধারণের অনুকূল পরিবেশ (যেমন: মাটি বা পাথুরে পৃষ্ঠতল, তাপমাত্রা, পানির অস্তিত্ব এবং নক্ষত্র থেকে সংশ্লিষ্ট গ্রহের দূরত্ব অবস্থান ও সার্বিক আবহাওয়া) সম্পর্কে নিশ্চিত তথ্য পেতে হলে আরও অপেক্ষা করতে হবে। এএফপি।