স্কটল্যান্ডের গণভোটে ফেসবুকের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন নিয়ে ফেসবুকের বিশেষ সুবিধা
নির্বাচন নিয়ে ফেসবুকের বিশেষ সুবিধা

স্কটল্যান্ডে গণভোটে ‘আই অ্যাম আ ভোটার’ শীর্ষক বিশেষ বোতাম চালু করেছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক। আর এর মাধ্যমে ফেসবুক কর্তৃপক্ষ স্কটল্যান্ডের সাধারণ মানুষদের অনলাইনভিত্তিক সামাজিক যোগাযোগের মাধ্যমে এই ভোট নিয়ে নিজেদের মধ্যে কথা বলার ব্যাপারে উৎসাহী করে তুলছে। ‘আই অ্যাম আ ভোটার’ বোতাম ব্যবহার করে যাঁরা গণভোট নিয়ে কথা বলবেন, তাঁদের জন্য ফেসবুকের নিউজ ফিডে বিভিন্ন তথ্য থাকবে। ফেসবুক ব্যবহারকারীরা লগ-ইন করে ‘মেগাফোন’ নামের একটি সেবায় ক্লিক করেই গণভোটের জনমত জরিপে নিজের মত জানাতে পারবেন। আবার ফেসবুকে থাকা অন্য বন্ধুদেরও এ ব্যাপারে জানাতে পারবেন। তবে জরিপে কোন পক্ষে মত দেওয়া হলো তা কেউ জানতে পারবে না। ভোটারের ব্যক্তিগত বিষয়গুলোও গোপন থাকবে।
ফেসবুকের ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা অঞ্চলের রাজনীতি ও সরকারবিষয়ক বিশেষজ্ঞ এলিজাবেথ লিন্ডার বলেন, ‘মাস কয়েক আগে চালু হওয়া এ সেবায় গণভোটের নানা বিষয় যেমন আলোচনা হচ্ছে, তেমনি ইতিমধ্যে এক কোটি মানুষ এতে পোস্ট, কমেন্ট ও বিতর্ক ইত্যাদি করেছেন। আমরা আশা করছি, এ ব্যবস্থার মাধ্যমে ভোটারদের নিজেদের অধিকারের কথা যেমন জানাতে পারবে, তেমনি রাজনৈতিক বিতর্কেও নিজেদের অবস্থান জানাতে পারবে।’ এর আগে ‘আই অ্যাম আ ভোটার’ সেবাটি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টারি নির্বাচনে চালু করা হয়েছিল। ভারতের সাধারণ নির্বাচনেও চালু করা হয়েছিল এ সুবিধা, যা তিন কোটি এক লাখ মানুষকে সম্পৃক্ত করতে পেরেছে এবং ৪৩ লাখ মানুষ এটিকে শেয়ার করেছে।
স্কটল্যান্ডের ফেসবুক ব্যবহারকারীরা নিজেদের লাইফ ইভেন্টে চাইলে গণভোটে অংশ নেওয়ার বিষয়টি ‘আই অ্যাম আ ভোটার’ বোতামের মাধ্যমে যুক্ত করতে পারবেন। ফেসবুকের এক হিসাবমতে, ১ আগস্ট থেকে ইতিমধ্যে প্রায় এক কোটি পোস্ট, কমেন্ট ও লাইক হয়েছে এ সেবায়। তা ছাড়া এ নিয়ে আলোচনা হয়েছে ৮৫ লাখ মানুষের মধ্যে। আর পুরো আলোচনায় নারীরাই আছেন ৪৫ শতাংশ জুড়ে। অর্থাৎ গণভোটের এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব আলোচনা হচ্ছে, এর মধ্যে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বাড়ছে। সামাজিক যোগাযোগ বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন দেশে নির্বাচনকেন্দ্রিক ফেসবুকের এমন উদ্যোগে নিজেদের মতামতকে সহজেই প্রকাশের সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা। ফেসবুকের এমন উদ্যোগকে স্বাগত জানান তাঁরা। —দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম