স্কাইপ ব্যবহার করে সন্ত্রাসী হামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটের মাধ্যমে কথা বলার জনপ্রিয় সফটওয়্যার স্কাইপের নিরাপত্তা-ত্রুটি ব্যবহারের মাধ্যমে সন্ত্রাসী হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন একদল বিশেষজ্ঞ। বিশেষ করে স্কাইপ ভিডিও চ্যাট-সুবিধা ব্যবহারকেই বড় ধরনের নিরাপত্তা-ঝুঁকি বলে মনে করছেন বিশেষজ্ঞ দলটি। সারা বিশ্বে প্রায় ৫০ কোটি ব্যবহারকারী রয়েছেন স্কাইপের। যখন একজন ব্যবহারকারী ভিডিও চ্যাট করেন, তখন তিনি নিজের অবস্থান জানানোর পাশাপাশি যেখান থেকে কথা বলছেন তাও অন্যজনকে দেখান। এ সুযোগটিই নিতে পারে সন্ত্রাসী হামলাকারীরা। এক গবেষণায় দেখা গেছে, বিভিন্ন ব্ল্যাকমেইলকারী ও সাইবার অপরাধী নিজেদের পরিচয় গোপন করে স্কাইপের ভিডিও চ্যাটের মাধ্যমে ব্যবহারকারীর নানা তথ্য জেনে নেয়। এ ক্ষেত্রে ব্যবহারকারীর অবস্থান থেকে শুরু করে সব ধরনের তথ্য সহজেই পেতে পারে অপরাধীরা। পাশাপাশি সাইবার অপরাধীরা সহজেই ইন্টারনেট প্রটোকল (আইপি) নম্বর দিয়ে ব্যবহারকারীর অবস্থা জেনে নেয়। গবেষক দল নিয়মিত স্কাইপ ভিডিও চ্যাট ব্যবহারকারী প্রায় ১০ হাজার ব্যক্তির ওপর দুই সপ্তাহের জরিপ চালিয়ে এ ধরনের তথ্য পেয়েছে। এ ব্যাপারে স্কাইপের প্রধান তথ্য ও নিরাপত্তা কর্মকর্তা অ্যাড্রেইন অ্যাশার বলেন, ‘স্কাইপ ব্যবহারের সময় আইপি ঠিকানা লুকিয়ে রাখা সম্ভব। ব্যবহারকারীর নিজেদের নিরাপত্তার ক্ষেত্রে এ কাজটি করতে পারেন এবং এ ব্যাপারে আমরা নানা ধরনের কাজও করছি।’ তিনি উল্লেখ করেন, ‘আমরা সব সময়ই স্কাইপ ব্যবহারকারীদের ব্যক্তিগত সুরক্ষা ও নিরাপত্তার দিকেই বেশি নজর রাখছি। তবে শুধু স্কাইপের ভিডিও চ্যাটই নয়, এ তালিকায় রয়েছে এমএসএনের লাইভ ভিডিও চ্যাট ও গুগল টকের ভিডিও চ্যাট।’ এ ধরনের ব্যবহার থেকে নিরাপদ থাকতে অচেনা কারও সঙ্গে ভিডিও চ্যাট না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। —ফক্সনিউজ অবলম্বনে কাজী আশফাক আলম