স্কাইপে ও জিমেইল বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার
স্কাইপে, জিমেইল ও হটমেইলের মতো অনলাইন সেবা বন্ধ করতে রাশিয়ার প্রধান অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস অব দ্য রাশিয়ার (এফএসবি) প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন। গত শুক্রবার এফএসবির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ওই প্রস্তাব দেন বলে রাশিয়ার বার্তা সংস্থাগুলো জানায়।চলতি সপ্তাহে রাশিয়ার সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট লাইভজার্নাল ও জনপ্রিয় পত্রিকা নভোয়া গ্যাজেতার ওয়েবসাইটে সাইবার হামলা চালানো হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে এফএসবি ইন্টারনেটের ওই সেবাগুলো বন্ধা করার প্রস্তাব করে।নাম প্রকাশ না করার শর্তে ক্রেমলিনের এক কর্মকর্তা ওই সাইবার হামলার নিন্দা করেন। তবে স্কাইপে, জিমেইল ও হটমেইলের মতো বিদেশি ইন্টারনেট সেবা বন্ধ করার প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। বিশ্লেষকদের ধারণা, আগামী ডিসেম্বরের পার্লামেন্ট নির্বাচন ও আগামী বছরের মার্চের প্রেসিডেন্ট নির্বাচনের আগে মানুষের স্বাভাবিক যোগাযোগ কর্মকাণ্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্যই কর্তৃপক্ষ ওই প্রস্তাব করেছে। এদিকে লাইভজার্নালে সাইবার হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। একটি ব্লগে মেদভেদেভ লিখেছেন, ‘লাইভজার্নালের সক্রিয় ব্যবহারকারী হিসেবে এ হামলাকে আমি চরম নিষ্ঠুরতা ও অবৈধ মনে করি।’ তিনি বলেন, লাইভজার্নাল কর্তৃপক্ষ ও আইন প্রয়োগকারী সংস্থাকে ঘটনাটি তদন্ত করে দেখা উচিত।ক্যাসপারস্কি ল্যাবস কম্পিউটার কোম্পানি জানায়, সাইবার হামলার ফলে ভাইরাসবাহী হাজার হাজার বার্তা লাইভজার্নালের ওয়েবসাইটে ঢুকে পড়ে। এতে ওয়েবসাইটটি সম্পূর্ণভাবে অকেজো হয়ে পড়ে।অন্যদিকে রাশিয়ার গণমাধ্যম জানিয়েছে, নভোয়া গ্যাজেতা পত্রিকার ওয়েবসাইটেও সাইবার হামলা হয়েছে। —বিবিসি অবলম্বনে আবুল হোসেন