স্কাইপে যোগ হচ্ছে এইচডি ভিডিও কল
উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য তৈরি স্কাইপ ৫.৮ সংস্করণটিতে যোগ হচ্ছে হাই ডেফিনেশন (এইচডি) ভিডিও কল করার সুবিধা। এ ছাড়া সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক, গ্রুপ শেয়ারসহ নতুন বেশ কিছু ফিচার যোগ হচ্ছে জনপ্রিয় কণ্ঠস্বর এবং ভিডিও চ্যাটিং সার্ভিস স্কাইপে। এইচডি ওয়েবক্যাম আর দ্রুতগতির ইন্টারনেট সুবিধা থাকলেই এইচডি ভিডিও কল করা যাবে বলেই জানিয়েছে ম্যাশএবল।স্কাইপের নতুন সংস্করণে ফিচার হিসেবে যোগ হচ্ছে গ্রুপ স্ক্রিন শেয়ার। কনফারেন্স কলে একসঙ্গে অনেকের সঙ্গেই যোগাযোগ সুবিধা দেবে এ ফিচারটি। অবশ্য এ ফিচার কেবল প্রিমিয়াম মেম্বারদের জন্যই প্রযোজ্য হবে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে পুশ টু টক, ফেসবুক কন্টাক্ট লুকানোর সুযোগ এবং বিং টুলবার ব্যবহারের সুযোগ। এ ছাড়া মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজের জন্য তৈরি নতুন সংস্করণে একাধিক বাগ ঠিক করা হয়েছে, ফলে ফেসবুক কন্টাক্টের মোবাইল নম্বর যোগ করা যাবে ।উল্লেখ্য, ২০১১ সালে সাড়ে ৮০০ কোটি ডলার খরচ করে স্কাইপে কিনে নিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।