ইন্টারনেট উদ্যোক্তা কিম ডটকম এবার বিনা মূল্যে কথা বলার জনপ্রিয় সফটওয়্যার স্কাইপের বিকল্প তৈরি করছেন। বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফটের মালিকানাধীন স্কাইপের বিকল্প হিসেবে কিম এবার ‘মেগাচ্যাট’ (https://mega.nz) নামের সফটওয়্যার তৈরি করেছেন।

সম্প্রতি আনুষ্ঠানিকভাবে নতুন এ সফটওয়্যারের চ্যাট-সেবাটি উন্মুক্ত করার ঘোষণা দেন কিম। তিনি জানান, মেগাচ্যাট-সেবাটি ধীরে ধীরে সবার জন্য উন্মুক্ত করা হবে। শুরুতে পরীক্ষামূলকভাবে ভিডিও কল-সেবা হিসেবে এটি ছাড়া হচ্ছে। পরবর্তী সময়ে এতে আরও নানা ধরনের সুবিধা যুক্ত হবে বলেও উল্লেখ করেন তিনি।
মেগাচ্যাটকে স্কাইপের প্রতিদ্বন্দ্বী হিসেবে তৈরির ঘোষণা গত বছরের ডিসেম্বরে দিয়েছিলেন কিম। বিশেষ করে মার্কিন গোয়েন্দা সংস্থার নজরদারি থেকে স্কাইপ যখন ব্যবহারকারীদের সুরক্ষা দিতে পারছে না, তখন স্কাইপের প্রতিদ্বন্দ্বী হিসেবে মেগাচ্যাট সুরক্ষিত সেবা দিয়ে যাবে বলে জানান তিনি।
যাঁরা নিয়মিতভাবে স্কাইপের ব্যবহারকারী, কিন্তু নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, তাঁদের জন্যই বিকল্প দারুণ সফটওয়্যার হবে মেগাচ্যাট। নিজের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টেও মেগার বিষয়ে নানা তথ্য দেন কিম ডটকম। টুইটারে মেগাচ্যাট উন্মুক্ত করার বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘মেগাচ্যাট বিশেষ এনক্রিপশন প্রযুক্তি দিয়ে ব্যবহারকারীকে নিরাপত্তা দেবে। এতে কোনো নিরাপত্তা ত্রুটি কেউ দেখাতে পারলে তাকে পুরস্কৃত করব।’
২০১২ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ফাইল ভাগাভাগির জনপ্রিয় ওয়েবসাইট ‘মেগা আপলোড’ বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র সরকার। ফাইল শেয়ারিং সার্ভিস মেগা আপলোডে অবৈধ ফাইল রাখার দায়ে কিম ডটকমকে গ্রেপ্তার করা হয়। সেই থেকে আলোচনায় আসেন কিম। ২০১৩ সালেই আবার ‘মেগা’ নামে নতুন আরেকটি ক্লাউডভিত্তিক সেবা চালু করেন তিনি।
—বিবিসি অবলম্বনে কাজী আলম