স্কাইপের মাধ্যমে সেবা দিচ্ছে কুমিল্লা জেলা প্রশাসন
সরকারের ই-সার্ভিস কার্যক্রমকে এগিয়ে নিতে কুমিল্লা জেলা প্রশাসন ভিডিও সম্মেলনের (স্কাইপ) সুবিধা নিচ্ছে। স্কাইপে গণশুনানি করে সেবা পৌঁছে দেওয়া হচ্ছে মানুষের কাছে। কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান এর উদ্যোক্তা। এ পর্যন্ত ১ হাজার ৪৫৮ জন বিভিন্ন ধরনের সেবা পেয়েছেন। বাংলাদেশে গ্রামীণ পর্যায়ের প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে ধারাবাহিকভাবে কথা বলে সমস্যার তাৎক্ষণিক সমাধান করার একটি উদাহরণ এই ভিডিও সম্মেলন।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান তালুকদার জানান, ২০১৪ সালের ৩ ডিসেম্বর থেকে কুমিল্লা জেলা প্রশাসক ভিডিও সম্মেলনের মাধ্যমে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), এরপর সহকারী কমিশনার (ভূমি) এবং পরবর্তী সময়ে ইউনিয়ন ডিজিটাল কেন্দ্রের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ের প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে কথা বলেন। প্রতি বুধবার জেলা প্রশাসক তাঁর কার্যালয় থেকে গণশুনানি করেন। ওই সময় তিনি অন্তত তিনটি উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষের সঙ্গে কথা বলেন।
কুমিল্লার নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রাকিব হাসান বলেন, ২০১৪ সালের ৩ ডিসেম্বর থেকে চলতি বছরের ২০ জানুয়ারি পর্যন্ত ভিডিও সম্মেলনের মাধ্যমে জেলা প্রশাসক ৫২টি কার্যদিবসে ১৫৪টি গণশুনানি করেন। এই পদ্ধতি কুমিল্লায় বেশ সাড়া জাগিয়েছে।
জানতে চাইলে মো. হাসানুজ্জামান বলেন, ‘প্রতিদিন শত শত আবেদন নিয়ে প্রত্যন্ত অঞ্চলের মানুষ আমার কার্যালয়ে এসে জড়ো হন। মানুষের এ ভোগান্তি কমানোর জন্য ইউনিয়ন ডিজিটাল কেন্দ্রের মাধ্যমে জনদুর্ভোগ ও সমস্যা নিয়ে তাঁদের সঙ্গে কথা বলি। এরপর সেখানে উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তাকে এর সমাধান করার নির্দেশ দিই। তাৎক্ষণিকভাবে মানুষ এর সুফল পাচ্ছেন। একই সঙ্গে আমলাতান্ত্রিক জটিলতা থেকেও রক্ষা পাচ্ছেন। পরে এসব বিষয়ে ফলোআপ করা হয়।’