শিক্ষার্থীরা বাড়িতে যেভাবে কম্পিউটার ব্যবহার করে, স্কুলে সেভাবে নয়। শিক্ষার্থীরা তাদের স্কুলের পড়ালেখার কাজটি বাড়ির কম্পিউটারেই করতে বেশি পছন্দ করে। তারা প্রতিদিন স্কুলে কম্পিউটার ব্যবহার করে না। সম্প্রতি যুক্তরাজ্যে পরিচালিত এক জরিপের ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে। শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট এ জরিপ চালায়। জরিপে দেখা গেছে, যুক্তরাজ্যের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ৩৭ শতাংশ প্রতিদিন লেখাপড়ার কাজে বাড়ির কম্পিউটার ব্যবহার করে। ৩০ শতাংশ শিক্ষার্থী স্কুলের কম্পিউটার ব্যবহার করে। পড়ালেখার জন্য বাড়ির কম্পিউটারের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের যাদের বয়স ১১ থেকে ১৮ বছরের মধ্যে, তাদের ৯০ শতাংশ স্কুলের পড়ালেখার কাজে সপ্তাহে অন্তত একবার বাড়ির কম্পিউটার ব্যবহার করে। এদের এক-তৃতীয়াংশের বেশি পড়ালেখার কাজে প্রতিদিন বাড়ির কম্পিউটার ব্যবহার করে। বাড়ির কম্পিউটার ব্যবহারে শিক্ষার্থীরা অনেক বেশি সাচ্ছন্দ্য বোধ করে। যুক্তরাজ্যের ৫১২টি পরিবারের শিশুদের ওপর এই জরিপ চালানো হয়। জরিপের ফলাফলে খুশি হতে পারেনি যুক্তরাজ্যের অনেকেই। তাদের আশঙ্কা, এতে ডিজিটাল বিভাজনের সৃষ্টি হবে। সচ্ছল পরিবারের শিশুরা বাড়িতে কম্পিউটার ব্যবহারের সুযোগ পাওয়ায় যেসব শিশু বাড়িতে কম্পিউটার ব্যবহারের সুযোগ পায় না, তাদের চেয়ে এগিয়ে থাকবে পড়ালেখার কাজ ছাড়াও শিশুরা বাড়ির কম্পিউটারে গেম খেলা থাকে। অনেক বাবা-মা মনে করেন, এতে শিশুর মানসিক বিকাশ ঘটছে। তাঁদের মতে বই-খাতা-কলমের মতো কম্পিউটারও শিক্ষার্থীদের জন্য অত্যাবশ্যকীয় একটি উপকরণ। মাইক্রোসফটের কর্মকর্তা রে ফ্লেমিং বলেন, বাড়িতে বেশি কম্পিউটারের ব্যবহার এটাই প্রমাণ করে যে স্কুলের কম্পিউটার ব্যবহারে সীমাবদ্ধতা রয়েছে।—বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান