স্কুল শিক্ষার্থী ইসফার বানাল অ্যাপ্লিকেশন 'তসবি'

রাজধানীর ধানমন্ডি টিউটোরিয়াল স্কুলের ১০ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইসফার হাসান তৈরি করেছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ‘তসবি’। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত পাঁচদিনের মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়ন প্রশিক্ষণে অংশগ্রহণ করে এ অ্যাপ্লিকেশনটি তৈরি করেছে ইসফার।
ইসফার জানিয়েছে, ‘তসবি’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে তসবি পাঠ করা যাবে। ভ্রমণের সময় অনেকের কাছে স্মার্টফোন থাকলেও তসবি থাকে না। এ অ্যাপ্লিকেশনটি তখন কাজে লাগানো যেতে পারে।
প্রথম আলো ডটকমকে ইসফার জানিয়েছে, ছোটবেলা থেকেই তার প্রোগ্রামিঙে কাজ করার শখ। এমসিসির প্রকল্পে একজন কমবয়সী প্রোগ্রামার হিসেবে এ অ্যাপ্লিকেশন তৈরি করতে পেরে ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা পেয়েছে সে।
প্রসঙ্গত, জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে গত ২০ জানুয়ারি ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ব্র্যাক ইউনিভার্সিটিতে শুরু হয়েছিল পাঁচ দিনের অ্যাপ্লিকেশন উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ শেষে কর্মশালার শেষ দিনে প্রশিক্ষণার্থীরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করেছেন।
পাঁচ দিনের এই প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ও অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান এমসিসি লিমিটেড।
এমসিসির প্রধান নির্বাহী আশ্রাফ আবির জানিয়েছেন, ইসফার হাসান মেধাবী প্রোগ্রামার। এই প্রকল্পের মাধ্যমে দুই হাজার বিশ্ববিদ্যালয় বা কলেজ ছাত্রছাত্রীকে প্রশিক্ষণের কথা থাকলেও, কমবয়সী মেধাবীদেরকে এই প্রশিক্ষণে সুযোগ দেওয়া হয়েছিল। দুটি বিশ্ববিদ্যালয় থেকে এমন পূর্ণাঙ্গ ৪৪ টি অ্যাপ্লিকেশন তৈরির মাধ্যমে প্রশিক্ষণ সফল হয়েছে বলেও দাবি করেন তিনি।
আশ্রাফ আবির আরও জানিয়েছেন, প্রশিক্ষণ শেষে ৭৮ জন শিক্ষার্থী সনদপত্র পেয়েছেন। ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী দিনে সনদপত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যাক্স আপিল ট্রাইব্যুনালের সদস্য কানন কুমার রায়, সিম্ফোনি মোবাইল কোম্পানির পরিচালক রেজওয়ানুল হক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ক্লাবের উপদেষ্টা আন্নাজিয়াত আলীম রাসেল প্রমুখ। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. তৌহিদ তো প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় শ্রেষ্ঠ অ্যাপ নির্মাতা হিসেবে দুইজনকে পুরস্কৃত করা হয়েছে। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া নবী এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কর্মশালায় একই বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী সৈয়দা প্রিমা তাসনিম সিম্ফনি ব্র্যান্ডের অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন পেয়েছেন।
আগ্রহী কেউ এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করতে চাইলে ভিজিট করতে পারেন www.nationalappsbd.com সাইটটিতে।
পুরো প্রকল্পে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এমসিসি লি. ও ইএটিএলের সঙ্গে কাজ করছে বেসিস, মাইক্রোসফট, গ্রামীণফোন, রবি, নকিয়া, সিম্ফনি, এসওএল কোয়েস্ট ও গুগল ডেভেলপার গ্রুপ ঢাকা।