স্কুলশিক্ষায় নবধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সামিট পাবলিক স্কুলটি আর দশটা শিক্ষাপ্রতিষ্ঠানের মতো নয়। স্কুলটির শিক্ষকেরা ক্লাসে দাঁড়িয়ে শিক্ষা দেন না। এর পরিবর্তে শিশুদের সিলেবাসের ভেতরে যাওয়ার দিকনির্দেশনা দেয় সফটওয়্যার। একজন শিক্ষক থাকেন, যিনি প্রশ্নগুলোর জবাব দেন এবং অধিকতর জটিল ধারণাগুলো ব্যাখ্যা করে শোনান।
এই শিক্ষাপদ্ধতিটা গড়ে তোলা হয়েছে একটা ধারণার ভিত্তিতে: শিশুরা সবচেয়ে ভালো করে তখনই, যখন তারা নিজেরাই নিজেদের লক্ষ্য নির্ধারণ করে নিতে পারে এবং নিজেদের সুবিধামতো গতিতে এগোনোর সুযোগ পায়। এর আগে যেসব গবেষণা করা হয়, তার ফলে দেখা গিয়েছিল, প্রথাগত শিক্ষাপদ্ধতির চেয়ে এটাই শিশুকে অধিকতর কার্যকরভাবে শিখতে সাহায্য করে।
সামিট স্কুলে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডায়ানে ট্যাভেনার বলেন, ‘আমরা যেসব কর্মকাণ্ডকে স্বয়ংক্রিয় করেছি, প্রথাগত শিক্ষাব্যবস্থায় যেগুলোর জন্য শিক্ষকেরা তাঁদের বেশির ভাগ সময়ই ব্যয় করে থাকেন। যেসব বিষয় শিক্ষার্থীদের জন্য সরাসরি খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, সেগুলো আমরা অপসারণ বা বাতিল করেছি।’
সামিট যুক্তরাষ্ট্রের একগুচ্ছ শিক্ষাপ্রতিষ্ঠানের একটি, যারা শিক্ষার্থীদের শিক্ষাদানের পদ্ধতিটাকে সম্পূর্ণভাবে পাল্টে দিতে প্রযুক্তির সহায়তা নিচ্ছে। সামিটের চারটি স্কুলে নতুন পদ্ধতি ব্যবহার শুরু হয়েছিল তিন বছর আগে। বর্তমানে ১১ থেকে ১৮ বছর বয়সী দুই হাজার শিক্ষার্থী গুগল ক্রোমবুক ব্যবহার করছে। প্রথাগত ল্যাপটপের চেয়ে এটা দামেও সস্তা, আবার ব্যবহারে সুবিধা-স্বাচ্ছন্দ্যও বেশি। কারণ, বেশির ভাগ সফটওয়্যারই চলে ক্লাউডে। একটি ওয়েব প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের লক্ষ্য শনাক্ত এবং তাদের পড়াশোনায় উদ্বুদ্ধ করে থাকে।
সামিট পাবলিক স্কুলের শিক্ষার্থীরা কারিক্যুলেট নামের একটা ই-রিডিং পদ্ধতি ব্যবহার করে থাকে। এর ফলে শিক্ষার্থীরা যে অংশ পড়তে ব্যস্ত, সেই অংশে শিক্ষকেরা নিজেদের নোট এবং চিন্তাভাবনা যুক্ত করে দিতে পারেন। পাশাপাশি এই পদ্ধতি শিক্ষার্থীদের অগ্রগতির বিষয়টি পারসোনালাইজড লার্নিং প্ল্যানে পাঠিয়ে দেয়। এটা এক ধরনের অনলাইন ড্যাশবোর্ড, যা শিক্ষার্থীদের পুরো শিক্ষাজীবনের কর্মকাণ্ডের গতিবিধির ওপর নজর রাখে। স্কুলে শিক্ষার্থীরা কতটা ভালো কিংবা মন্দ করল, সেই তথ্যের ভিত্তিতে ড্যাশবোর্ডটি প্রতিটি শিক্ষার্থীকে পাঠ্য উপাদান বণ্টন করে। উদাহরণস্বরূপ, একজন শিক্ষার্থী চলতি সপ্তাহে একটি ই-বুকের পরবর্তী ১০ পৃষ্ঠার পড়ার লক্ষ্যমাত্রা ঠিক করতে পারে। এই পদ্ধতি তার পড়ার অগ্রগতির ওপর নজর রাখবে এবং নিয়মিত তাকে বিষয়টা জানাবে। এর মাধ্যমে শিক্ষার্থী পিছিয়ে পড়লে একজন শিক্ষক হস্তক্ষেপ করে তাকে পড়ার ভেতরে ফিরিয়ে আনতে সচেষ্ট হবেন।
শিক্ষকেরা তাঁদের শিক্ষার্থীদের পড়াশোনায় উদ্বুদ্ধ করতে পারেন, এটা ঠিক। তবে ক্লাসের সব শিক্ষার্থীর অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সময় তাঁদের হাতে থাকে না। কিন্তু ক্লাউডভিত্তিক কম্পিউটারে শেখার উপকরণে পূর্ণ প্রবেশাধিকার এবং শিক্ষার্থীদের অগ্রগতি পরিমাপের ব্যবস্থা থাকায় এটা একেবারেই সোজা। সিইও ট্যাভেনার বলেন, ‘গুরুত্বপূর্ণ পার্থক্যটা হলো, শিক্ষাকে অধিকতরভাবে নিজস্বকরণের জন্য প্রযুক্তি আমাদের হাতে এখন রয়েছে, যেটা আগে একেবারেই ছিল না।’
ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার শিক্ষা মনস্তত্ত্ববিদ ক্রিস হুলেমান মনে করেন, সামিট স্কুলের এই প্রকল্প লক্ষ্য-নির্ধারণ তত্ত্বের কিছু মৌলিক বৈশিষ্ট্যকে পূরণ করে। সেটা হচ্ছে, মানুষ তখনই ভালো করে, যখন সে নিজেই নিজের লক্ষ্যটা নির্ধারণ করে এবং নিজেদের অগ্রগতির ব্যাপারে সুনির্দিষ্টভাবে তাকে কেউ জানিয়ে দেয়। একটা ক্লাসে অনেক শিক্ষার্থী থাকায় সবার ওপরে নজর রাখা এবং তাদের অগ্রগতি ঠিকঠাক জানিয়ে দেওয়া একজন শিক্ষকের পক্ষে সম্ভব নয়। কিন্তু কাজটা অনেক ভালোভাবেই করতে পারে একটা সফটওয়্যার। হুলেমান বলেন, ‘কার্যকর লক্ষ্যমাত্রা নির্ধারণ করার জন্য পৃথক্করণ করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটা কিছু করলেন বা বললেন, আর প্রতিটি শিশুই শিখে ফেলল, সেটা সম্ভব নয়। কারণ, শিশুদের মধ্যে জ্ঞান ও দক্ষতার ফারাক থাকবে, এটাই স্বাভাবিক।
শিক্ষায় এই পদ্ধতির প্রয়োগ হচ্ছে, যুক্তরাষ্ট্রজুড়ে এমন ২৩টি স্কুলে যৌথভাবে জরিপ চালিয়েছে গবেষণা প্রতিষ্ঠান র্যা ন্ড ফাউন্ডেশন এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। জরিপে দেখা দেছে, পড়া শেখা ও গণিতে দক্ষতার ক্ষেত্রে জাতীয় গড়ের চেয়ে অনেক বেশি এগিয়ে ওই স্কুলগুলোর শিক্ষার্থীরা। নিউসায়েনটিস্ট