স্কুলে ফেসবুক পিরিয়ড চালুর জন্য প্রধান শিক্ষকের কাছে জনৈক অভিভাবকের আকুল আবেদনপত্র
বরাবর
প্রধান শিক্ষক
ডট ওআরজি হাইস্কুল
ঢাকা, বাংলাদেশ।
বিষয়: ফেসবুক পিরিয়ড চালুর জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত টাপ্পুর বাবা। ঢাকার নামীদামি বিদ্যালয়গুলোর তালিকায় আপনার বিদ্যালয়ের র্যাঙ্কিং ওপরের দিকে। সে জন্যই বছরের শুরুতে আমি কয়েক জায়গায় বেশ কিছু খরচাপাতি করে ছেলেকে এই বিদ্যালয়ে ভর্তি করিয়েছিলাম। সবকিছু ঠিকই ছিল, কিন্তু ইদানীং একটি সমস্যা প্রবল হওয়ায় এই আবেদনপত্র লিখতে বাধ্য হলাম।
কদিন ধরেই খেয়াল করছি, আমার ছেলে টাপ্পু টিফিন পিরিয়ডে কিছুই খায় না। টাপ্পুর মা যেসব খাবার দেয়, সেগুলো অক্ষত অবস্থায় ফেরত আসে। কারণ অনুসন্ধান করতে গিয়ে জানতে পারলাম, টাপ্পুর বন্ধু বল্টু স্কুলের ব্যাগে করে লুকিয়ে স্মার্টফোন নিয়ে আসে। সেই স্মার্টফোনে টিফিন পিরিয়ডের পুরোটা সময় তারা সবাই মিলে ফেসবুকিংয়ে ব্যস্ত থাকে। ফটো শেয়ার, স্ট্যাটাস, লাইক, কমেন্ট ইত্যাদি করতে গিয়ে তাদের খাবার সময় একদমই থাকে না। ফলে শক্তিহীন, পুষ্টিহীন হয়ে যাচ্ছে আমাদের আদরের ভবিষ্যৎ প্রজন্ম। এ ব্যাপারে টাপ্পুদের দাবি, স্কুলে অবিলম্বে ইংরেজি, গণিত ও বাংলা পিরিয়ডের মতো ফেসবুক পিরিয়ডও চালু করা হোক। ওদের মতো আমিও মনে করি, স্কুলে ফ্রি ওয়াইফাই সেবার মাধ্যমে ফেসবুক পিরিয়ড চালু করা যেতে পারে। বিশ্বাস করুন, এতে আপনাদের কোনোই অতিরিক্ত খরচাপাতি করতে হবে না। আজকাল প্রায় সব মোবাইল ফোন কোম্পানিই ফ্রি ফেসবুক চালাতে দিচ্ছে। এসব অফারের ফাঁকফোকর জানতে টাপ্পুদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
অতএব, অনতিবিলম্বে আপনার স্বনামধন্য বিদ্যালয়ে ফেসবুক পিরিয়ড চালু করে আগামী প্রজন্মকে পড়ালেখা ও খাদ্যাভ্যাসে আগ্রহী করে তুলবেন, এটাই প্রত্যাশা।
বিনীত
হাশেম পাটোয়ারী (গাপ্পু)