
নিয়মিত শারীরিক ব্যায়াম কেবল বড়দের নয়, শিশুদের জন্যও প্রয়োজনীয়। যুক্তরাষ্ট্রে এক গবেষণায় দেখা যায়, শারীরিক শিক্ষায় অগ্রসর শিশুরা পড়াশোনায় ভালো করে। প্রতিদিন নিয়মিত শরীরচর্চা করলে শিশুদের মনোযোগ এবং বহুমুখী কাজকর্মে দক্ষতা বাড়ে।
প্রাথমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের মধ্যে যারা বিদ্যালয়ে পাঠ নেওয়ার পর খেলাধুলা বা শরীরচর্চামূলক কাজে অংশ নেয়, তারা একসঙ্গে নানা রকমের কাজে দক্ষ হয়ে ওঠে এবং সব ক্ষেত্রেই তুলনামূলক এগিয়ে থাকে। এর মধ্যে রয়েছে বোঝার সামর্থ্য বা দক্ষতা অর্জন, যার মধ্যে অন্তর্ভুক্ত স্মৃতিশক্তি, মনোযোগ এবং বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় করা ইত্যাদি।
ইলিনয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য গবেষক চার্লস হিলম্যান বলেন, ক্লাস-পরবর্তী শরীরচর্চা কার্যক্রমে যেসব শিশুর উপস্থিতি বেশি, তারা মানসিক দক্ষতায় সবচেয়ে এগিয়ে গেছে। তাঁদের গবেষণায় এ ব্যাপারে জোরালো প্রমাণ মিলেছে। শারীরিক শিক্ষায় গুরুত্ব দিলে শিশুদের স্বাস্থ্যরক্ষার পাশাপাশি প্রাতিষ্ঠানিক নৈপুণ্যেও কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া যায়।
হিলম্যানের ওই গবেষণার ওপর পেডিয়াট্রিকস সাময়িকীর অক্টোবর সংখ্যায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গবেষকেরা দৈব বাছাই প্রক্রিয়ায় সাত থেকে নয় বছর বয়সী ২২১ জন শিশুর ওপর জরিপ চালান। এদের কেউ কেউ বিদ্যালয় কার্যক্রম শেষ করে শরীরচর্চায় অংশ নেয় এবং বাকিরা অংশ নেওয়ার অপেক্ষায় রয়েছে। মার্কিন বিদ্যালয়গুলোতে প্রায় সারা বছর (১৫০ দিন) পাঠদান শেষে শরীরচর্চা কার্যক্রম সম্পন্ন করার ব্যবস্থা রয়েছে। সেই হিসেবে সপ্তাহের প্রতিটি কার্যদিবসে গড়ে প্রায় ৭০ মিনিট নিবিড় ব্যায়াম করানো হয়।
ওই শিশুদের বিভিন্ন বিধিনিষেধ এবং সহজে বোঝার ক্ষমতা যাচাই করতে পরীক্ষা নেওয়া হয়। একাধিক কাজের মধ্যে সমন্বয় করা বা একটির পর আরেকটি কাজ সফলভাবে সম্পন্ন করা, যেমন কোনো কিছু পড়ে নিয়ে সেখান থেকে নির্দিষ্ট কিছু প্রশ্নের উত্তর করা ইত্যাদি বিষয়ে তাদের সামর্থ্য খতিয়ে দেখা হয়। হিলম্যান বলেন, চিন্তাভাবনার দুটি দক্ষতার মধ্যে পরিবেশের বিভিন্ন প্রতিবন্ধকতা বা মনের বিক্ষিপ্ত অবস্থা উপক্ষো করে সুনির্দিষ্ট বিষয়ের প্রতি মনোযোগ দেওয়া এবং প্রয়োজনের সময় ঝটপট উত্তর দেওয়া—শিশুদের এ দুটি দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া হয়। যেমন: একটি শিশু যদি রাস্তার সবুজ বাতি জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে নিজে নিজেই বাইসাইকেল চালাতে শুরু করে, তাতে বোঝা যাবে যে সে নির্দিষ্ট দক্ষতা অর্জন করতে পেরেছে। বিপরীত দিক থেকে ছুটন্ত মোটরগাড়ি বা রাস্তার লাল বাতি জ্বলে উঠলে সে সাইকেল থামাতেও পারবে, যেমন করে ঠিক সময়ে যাত্রা শুরু করতে পেরেছিল।
সূত্র: ওয়েবএমডি।