স্কুলের শিক্ষার্থীদের শেখানো হচ্ছে গেমের প্রোগ্রামিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মিস, আমরা ড্রাগনের মুখ থেকে আগুন বের করতে পেরেছি’—পাঁচ বছরের জো সেদিন তার ক্লাসে হঠাৎ এভাবে চিৎকার করে ওঠে। তখন তার আঙুল ছিল ডেস্কে থাকা ল্যাপটপের দিকে। ল্যাপটপের পর্দায় তখন ভেসে উঠছিল একটি চলমান (অ্যানিমেটেড) ড্রাগনের মুখ। আর সেই মুখ থেকে বের হচ্ছে আগুনের হলকা। শুধু জো নয়, গোটা ক্লাসের ছেলেমেয়েরা উত্তেজনায় ফেটে পড়েছিল।

এই উত্তেজনার কারণ হলো স্কুলের ছেলেমেয়েরা নিজেরাই এই গেমটি তৈরি করেছে। দক্ষিণ লন্ডনের লনসেলট স্কুলে সম্প্রতি এ ঘটনা ঘটে। সেদিনের ওই ক্লাসটি বিশেষ কোনো ক্লাস ছিল না। গত সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্য সরকার দেশের সব সরকারি স্কুলে পাঁচ বছর বয়স থেকে গেমের প্রোগ্রাম লেখার (কোডিং) বিষয় শেখাটা বাধ্যতামূলক করে।
যুক্তরাজ্য সরকার মনে করে, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে এখন থেকেই শিশুদের কম্পিউটার প্রোগ্রামিং বা কোডিং শিখতে হবে। এখন যুক্তরাজ্যের শিক্ষার্থীরা শুধু কম্পিউটার গেম খেলছে না, তারা গেম কীভাবে বানাতে হয় তাও শিখছে। লনসেলট স্কুলের ছাত্রী ১০ বছর বয়সী জেমিমাহ বলে, ‘প্রথমে আমি কিছুই বুঝতে পারিনি। এখন আমার কাছে অনেকটাই সহজ হয়ে গেছে। আমরা আইপ্যােড কোডিং শিখছি। এটা করতে পেরে আমরা খুব খুশি।’
—এএফপি ও বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান