স্কেচফ্যাক্টর অ্যাপের কপালে বর্ণবাদের তকমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কেচফ্যাক্টরের দুই নির্মাতা হ্যারিংটন ও ম্যাকগুইয়ার (ডানে)
স্কেচফ্যাক্টরের দুই নির্মাতা হ্যারিংটন ও ম্যাকগুইয়ার (ডানে)

‘স্কেচফ্যাক্টর’ নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) প্রকাশ করা হয়েছে গত সপ্তাহে। এটি যেকোনো শহরের অপরাধপ্রবণ এলাকা সম্পর্কে এর ব্যবহারকারীকে সতর্ক করে দেবে। ক্রাউডসোর্সিং বা ব্যবহারকারীদের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে অ্যাপটি ওই এলাকাগুলোকে চিহ্নিত করবে এবং কোথাও যাওয়ার জন্য সবচেয়ে নিরাপদ রাস্তা দেখিয়ে দেবে। মনে করুন, ঢাকার কোনো এলাকায় আপনি ছিনতাইকারীর কবলে পড়েছিলেন। সেই এলাকাটিকে আপনি স্কেচফ্যাক্টরে চিহ্নিত করে দিয়ে আপনার অভিজ্ঞতার কথা লিখতে পারবেন। সেই এলাকা সম্পর্কে অন্যরা তাঁদের মন্তব্যও যোগ করতে পারবেন। এমনটা হতে পারে যে ওই এলাকায় শুধু আপনি একাই বিপদে পড়েছিলেন, আবার হয়তো এলাকাটি সত্যিই বিপজ্জনক। সবার মন্তব্য পড়ে ঠিক করতে হবে গন্তব্যে পৌঁছার জন্য কোন রাস্তা ব্যবহার করবেন। নিঃসন্দেহে অ্যাপটি তৈরির উদ্দেশ্য ভালো, তবে এরই মধ্যে অ্যাপটির নামে বর্ণবাদের কালিমা লেগে গেছে।
অ্যাপটি বাজারে ছাড়ার পর দেখা গেছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাদা চামড়ার মানুষেরা ‘কালো’ অধ্যুষিত জায়গাগুলোকে অপরাধপ্রবণ হিসেবে উল্লেখ করছেন। বর্ণবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় বয়ে যাওয়ার পরেও পশ্চিমা দেশগুলোতে কিছু মানুষ স্বজাতি ছাড়া অন্যদের এখনো সহজভাবে নিতে পারেন না। ফলাফল হিসেবে তথাকথিত সাদারা কালোদের এড়িয়ে চলছেন, তাঁদের অপরাধী হিসেবে আখ্যা দিচ্ছেন। স্কেচফ্যাক্টরেও এর প্রতিফলন ঘটেছে। অন্য জাতির মানুষদের বসবাসের এলাকা কিংবা কোনো দীর্ঘদেহী কালো চামড়ার মানুষকে দেখে ভয় পেয়ে স্কেচফ্যাক্টরে চিহ্নিত করে দিচ্ছে, যাতে ‘স্বজাতি’ কেউ ওই এলাকায় বা রাস্তায় গিয়ে ‘বিপদে’ না পড়েন। আর বিপত্তিটা ঘটেছে সেখানেই। সাধারণ মানুষের পাশাপাশি গণমাধ্যমের সমালোচনার তোপে পড়েছেন অ্যাপটির নির্মাতারা। স্কেচফ্যাক্টরের দুই প্রতিষ্ঠাতা ম্যাকগুয়াইর ও হেরিংটন—দুজনই সাদা চামড়ার মানুষ হওয়ায় আগুনে যেন ঘি পড়েছে। তবে অভিযোগ নাকচ করে দিয়ে তাঁরা লিখেছেন, নিউইয়র্কের বিভিন্ন সম্প্রদায়ের ১০০ জনের ওপর জরিপ চালিয়ে তবেই অ্যাপটি উন্মুক্ত করা হয়েছে।
স্কেচফ্যাক্টর কিন্তু বর্ণবাদের তকমা পাওয়া প্রথম অ্যাপ নয়। এর আগে প্রায় একই উদ্দেশ্যে তৈরি ঘেটোট্র্যাকার ডটকমের এমন অদ্ভুত নাম এবং সেবার ধরনের জন্য সমালোচনার মুখে পড়ে। পরবর্তী সময়ে নাম পরিবর্তন করেও সেটি সফলতার মুখ দেখেনি। এখন দেখা যাক স্কেচফ্যাক্টরের ভবিষ্যৎ কী হয়।

—বিবিসি অবলম্বনে মেহেদী হাসান