স্ক্রিনে বেশি সময় তো পরীক্ষার বারোটা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ক্রিনে অতিরিক্ত সময় কাটালে পরীক্ষার ফলের ওপর প্রভাব পড়ে।
স্ক্রিনে অতিরিক্ত সময় কাটালে পরীক্ষার ফলের ওপর প্রভাব পড়ে।

দিনে বাড়তি এক ঘণ্টা সময় স্ক্রিনের দিকে তাকিয়ে ইন্টারনেট ব্রাউজ, টিভি দেখা বা কম্পিউটার গেম খেলে কাটালে পরীক্ষার ফলে বিরূপ প্রভাব পড়ে। যুক্তরাজ্যের গবেষকেরা এই বিষয়টি নিয়ে গবেষণা করেছেন। তাঁদের দাবি, যে কিশোররা স্ক্রিনের দিকে চেয়ে সময় কাটায়, তাদের পরীক্ষার ফল দুই গ্রেড পর্যন্ত কমে যায়।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ১৪ থেকে ১৫ বছর বয়সী ৮০০ জন শিক্ষার্থীকে নিয়ে এই গবেষণা চালান। তাঁরা দাবি করেন, শারীরিক পরিশ্রম অ্যাকাডেমিক ফলের ওপর কোনো প্রভাব ফেলে না।
গবেষকেদের এই সম্ভাব্য সমীক্ষায় একটি নির্দিষ্ট সময় পর্যন্ত শিক্ষার্থীদের পারফরমেন্সের ওপর কোন বিষয়গুলো প্রভাব ফেলে, তা পর্যবেক্ষণ করেন গবেষকেরা। গবেষকদের দাবি, সমীক্ষায় দেখা গেছে, অতিরিক্ত সময় স্ক্রিনের দিকে চেয়ে থাকলে পরীক্ষার ফলের ওপর প্রভাব পড়ে।
গবেষণা সংক্রান্ত সমীক্ষার ফল প্রকাশিত হয়েছে বিহেভিওরাল নিউট্রিশন অ্যান্ড ফিজিক্যাল অ্যাকটিভিটি নামের সাময়িকীতে।
সমীক্ষায় দেখা গেছে, গড়পড়তা চার ঘণ্টা সময় স্ক্রিনের দিকে চেয়ে থাকে কিশোররা। এর সঙ্গে যদি আরও এক ঘণ্টা অতিরিক্ত সময় টিভি মনিটর বা মোবাইল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, এতে পরীক্ষার ফল খারাপ হয়। সে তুলনায় বাড়তি এক ঘণ্টা বাড়ির কাজ বা পড়াশোনা করলে গ্রেড আরও উন্নত হয়। এই বিষয়টি নিয়ে আরও গবেষণা করার প্রয়োজন বলে মনে করছেন গবেষকেরা। অবশ্য তাঁরা অভিভাবকদের এই বিষয়টি নিয়ে সচেতন থাকারও পরামর্শ দিয়েছেন। সূত্র: রয়টার্স