
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান নাসির হোসেন। বড়শি দিয়ে মাছ ধরতে ভালোবাসেন। জমকালো পোশাক পছন্দ করেন না। নানা রকমের রোদচশমা আছে তাঁর সংগ্রহে। আজ থাকছে তাঁর স্টাইল।
কয়েক দিন আগে হয়ে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড ক্রিকেট ম্যাচ। বরাবরের মতো সেখানেও তাঁর সাফল্য ধরে রেখেছেন। ছোটবেলায় বাতাবি লেবুকে বল বানিয়ে ক্রিকেট খেলতেন তিনি। আজ তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান। তিনি হলেন নাসির হোসেন।
নাসির হোসেন খেলার সময় কেডস ও চশমা ব্যবহার করে থাকেন। তিনি বলেন, ‘কেডসের মধ্যে নিউ ব্যালেন্স এসিকস ব্র্যান্ড ও ওকলো ব্র্যান্ডের চশমা আমার পছন্দ। মাঝে মাঝে রে ব্যান ব্র্যান্ডও পরা হয় তাঁর। তবে অনুশীলনের সময় যেকোনো ব্র্যান্ডের ট্রাউজার, কেডস ও চশমা হলেই চলে আমার।’ চশমার মধ্যে রং হলুদ ও সবুজ বেশি প্রিয়। দেশের বাইরে খেলতে গেলে এগুলো সংগ্রহ করেন তিনি। খেলার সময় হাতে থাকা চাই সিএ কোম্পানির ব্যাট।

সাধারণ সময়ে জমকালো পোশাক খুব একটা পছন্দ করেন না এই ক্রিকেটার। জিনসের সঙ্গে টি-শার্ট অথবা চেক শার্ট এবং পায়ে দুই ফিতার স্যান্ডেল পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে বিশেষ দিনে তাঁর পোশাকও বিশেষ হয়। এই যেমন ঈদে তিনি সব সময়ই কাবলি পরেন।
সাদাকালো তাঁর প্রিয় রং। তবে মাঝে মাঝে অন্য রঙের পোশাকও পরেন। কোনো অনুষ্ঠান বা নিমন্ত্রণে কালো ফরমাল প্যান্টের সঙ্গে সাদা শার্ট, কালো চামড়ার জুতা, রোলেক্স ঘড়ি ও নানা নকশার চশমায় নিজেকে সাজিয়ে নেন নাসির হোসেন।

এ ছাড়া শীতের সময় তাঁর পোশাক-আশাকে নতুন মাত্রা যোগ হয়। জিনস টি-শার্টের সঙ্গে গায়ে জ্যাকেট ও পায়ে স্নিকার ব্যবহার করেন তিনি।
মায়ের রান্না করা সব খাবার তাঁর পছন্দ। নাসির হোসেন বলেন, ‘মা যা রান্না করেন, তাই-ই খেতে ভালো লাগে। বিশেষ করে খিচুড়ি ও গরুর মাংস ভুনা বেশি পছন্দ। এর বাইরে পুরান ঢাকার বিরিয়ানি ভালো লাগে।’ আর চায়ের থেকে কফি খেতে খেতে বন্ধুদের সঙ্গে আড্ডা দারুণ জমে তাঁর।
নিয়মিত গানও শোনেন তিনি। পুরোনো দিনের গান তাঁর পছন্দের তালিকায় আছে। নুসরাত ফতেহ আলী খান ও লতা মঙ্গেশকরের গান সব সময়ই প্রিয়। আবার বর্তমান সময়ের অরিজিৎ সিং, আতিফ আসলাম ও তাহসানের গানও আছে তাঁর পছন্দের তালিকায়। খেলার ফাঁকে সময় পেলে সিনেমা দেখারও বাতিক আছে নাসির হোসেনের। রোমান্টিক সিনেমা তাঁর পছন্দ।
ছুটি পেলেই নিজের শহর রংপুরে ছুটে যান তিনি। বাবা-মার সঙ্গেই ছুটির সময়টা কাটাতে ভালো লাগে তাঁর। রংপুরে গেলে বড়শি দিয়ে মাছ ধরা চাই-ই। ‘মাছ ধরতে বসলে খাওয়া-দাওয়া সব ভুলে যাই। বড়শি দিয়ে মাছ ধরা আমার একধরনের নেশা। ঢাকায় সময় হয় না। রংপুরে গেলে প্রতিদিনই বড়শি নিয়ে পুকুরপাড়ে বসে যাই।’ বলেন নাসির।
সতীর্থদের বাইরে শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারার খেলার ভক্ত তিনি। এই ক্রিকেটারের ফুটবল খেলাও ভালো লাগে। আর্জেন্টিনা ও বার্সেলোনা তাঁর প্রিয় দল। মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলা খুব উপভোগ করেন তিনি।