স্টাক্সনেট ওয়ার্ম যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তৈরি!
ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচিতে আঘাত হানার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে স্টাক্সনেট নামের কম্পিউটার ওয়ার্ম তৈরি করেছে। একজন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা গত শনিবার এ কথা জানায়। বার্তা সংস্থাটি জানায়, ইরানের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তা গোলাম রেজা জালালি জানিয়েছেন, তদন্ত এবং গবেষণায় দেখা গেছে, স্টাক্সনেট ওয়ার্মটি এসেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে। জার্মানির কম্পিউটার বিশেষজ্ঞরা ও কয়েকটি পশ্চিমা পত্রিকাও এমন দাবি করেছে। গতবছরের জুন মাসে প্রথম স্টাক্সনেট ওয়ার্ম শনাক্ত করা হয়। এরপর বেশ কয়েক মাস ধরে ইরানের পরমাণু স্থাপনাগুলোর বিশেষ করে বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কম্পিউটার নেটওয়ার্কে এই ওয়ার্ম হামলা চালায়। এ ছাড়া অন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কম্পিউটার নেটওয়ার্কেও হামলা চালায় ওয়ার্মটি। এসব হামলার কারণে এসব প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। পুরোদমে কাজ শুরু করতে বেশ কয়েক দিন সময় লেগে যায়। জালালি জানান, ওয়ার্মটি প্রথমে কম্পিউটার সিস্টেমে প্রবেশ করে। এরপর বিভিন্ন কম্পিউটার থেকে তথ্য সংগ্রহ করে বিভিন্ন ইন্টারনেট ঠিকানায় ছড়িয়ে দেয়। গত মার্চ মাসে জার্মানির একজন কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞ রালফ লানজার বলেন, তাঁর ধারণা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের পরমাণু কর্মসূচিতে আঘাত হানার জন্য স্টাক্সনেট ওয়ার্ম তৈরি করে। তবে গত জানুয়ারি মাসে নিউইয়র্ক টাইমস পত্রিকা একটি খবর প্রকাশ করে। তাতে বলা হয়, ইরানের পরমাণু বোমা তৈরির চেষ্টাকে নস্যাৎ করে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা যৌথভাবে একটি কম্পিউটার ওয়ার্ম তৈরি করেছে। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান