ডিজিটাল ওয়ার্ল্ডের সেমিনারে অর্থ প্রতিমন্ত্রী
স্টার্টআপে শুধু পশ্চিমাদের আধিপত্য থাকতে পারে না
‘শুধু শহর নয়, গ্রামাঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাদের বিনিয়োগ সহায়তার মাধ্যমে তুলে আনতে চাই আমরা। স্টার্টআপ বা নতুন উদ্যোগে শুধু পশ্চিমাদের আধিপত্য থাকবে, তা হতে পারে না। এটা সবার জন্য।’ গত বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, বসুন্ধরায় ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬-এর অংশ হিসেবে অনুষ্ঠিত ‘ভেঞ্চার ক্যাপিটাল ফর স্টার্টআপ’ শীর্ষক এক সেমিনারে অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান এসব কথা বলেন।
অর্থ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ভালো উদ্যোগ আর সুষ্ঠু ব্যবসায় পরিকল্পনা থাকলে বিনিয়োগ কোনো বাধা নয়। অসংখ্য বিনিয়োগকারী প্রতিষ্ঠান আছে যারা বিনিয়োগ করতে চায়। আপনারা ভালো উদ্যোগ নিয়ে কাজ করুন, সহায়তা পাবেন।’ সেমিনারে সভাপতিত্ব করেন ফেনক্স ভেঞ্চারের গ্লোবাল জেনারেল পার্টনার শামীম আহসান।
সেমিনারটিতে টাই গ্লোবালের চেয়ারম্যান ভি শুকলা বলেন, ‘আমাদের নতুন উদ্যোক্তা তৈরিতে কাজ করতে হবে এবং তাদের সব ধরনের সহায়তা দিতে হবে।’
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর বলেন, ‘বর্তমানে বাংলাদেশ সব খাতে এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনৈতিক অবস্থাও ভালো। নতুন উদ্যোক্তাদের প্রয়োজন আর্থিক সহায়তার। আমরা সহায়তার ব্যবস্থা করছি।’
সেমিনারে বক্তারা বলেন, ‘তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে বাংলাদেশের বেশ কয়েকটি উদ্যোগ এখন বিশ্বের শীর্ষস্থানে রয়েছে। নিউজক্রেড, টাইগার আইটি, রিভ সিস্টেমস, ডেটাসফট, লিডস সফট, বিডিজবসসহ অনেক উদ্যোগ এখন বাংলাদেশকে আন্তর্জাতিক বাজারে উজ্জ্বলভাবে তুলে ধরছে। আমাদের তরুণদের এ ধরনের বড় স্বপ্ন দেখতে হবে।’