স্টিভ জবসকে নিয়ে চলচ্চিত্রের লড়াই!
অ্যাপল সহপ্রতিষ্ঠাতা বিখ্যাত প্রযুক্তিবিদ স্টিভ জবসের জীবন কাহিনি চলচ্চিত্রের পর্দায় ফুটিয়ে তুলতে মাঠে নেমেছে সনি পিকচার্স ও ফাইভ স্টার ফিচার ফিল্মস। এক খবরে টাইম অনলাইন জানিয়েছে, এই দুটি প্রতিষ্ঠান বিখ্যাত প্রযুক্তিবিদ স্টিভ জবসের জীবন কাহিনি নিয়ে চলচ্চিত্র নির্মাণে কাজ শুরু করেছে। সনি পিকচার্স নির্মিত চলচ্চিত্রটির নাম হবে `স্টিভ জবস' আর ফাইভ স্টার ফিচার ফিল্মস নির্মিত চলচ্চিত্রটির নাম হবে `জবস'।উলে্লখ্য, ২০১১ সালের ৫ অক্টোবর পৃথিবী ছেড়ে পরলোকে গেছেন অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস।সনি পিকচার্স স্টিভ জবসের চলচ্চিত্রায়ণে বিখ্যাত আত্মজীবনী লেখক ওয়ালটার আইজ্যাকসনের লেখা `স্টিভ জবস'কে চিত্রনাট্য হিসেবে বেছে নিয়েছে আর ফাইভ স্টার বেছে নিয়েছে স্টিভ জবসের জীবন থেকে নির্বাচিত কিছু অংশ। ওয়ালটার আইজ্যাকসনের লেখা স্টিভ জবসের জীবনী নিয়ে যে চলচ্চিত্রটি নির্মিত হবে, তার চিত্রনাট্য লেখার কাজটি করবেন `এ ফিউ গুড মেন', `ওয়েস্ট উইং' এবং `দ্য আমেরিকান প্রেসিডেন্ট'খ্যাত অ্যারন সরকিন। সিলিকন ভ্যালির প্রযুক্তি উদ্যোক্তাদের নিয়ে চিত্রনাট্যে তার সক্ষমতা সরকিন আগেই দেখিয়েছেন। মার্ক জাকারবার্গের ফেসবুক প্রতিষ্ঠার কাহিনিভিত্তিক সিনেমা `দ্য সোশ্যাল নেটওয়ার্ক'-এর জন্য তিনি একাডেমি পুরস্কারও পেয়েছেন তিনি। তবে এই ছবিটি কে পরিচালনা করবেন ও চলচ্চিত্রের নাম ভূমিকায় কে থাকছেন-তা এখনো ঠিক করেনি সনি। অবশ্য নাম ভূমিকায় কিয়ানু রিভসকে দেখা যেতে পারে বলেই খবর রটেছে। চলচ্চিত্রটির মুক্তির তারিখ এখনও ঠিক করেনি সনি।এদিকে, ফাইভ স্টার ফিচার ফিল্মস জবস চলচ্চিত্রটি নির্মাণের ক্ষেত্রে অনেক দূরই এগিয়ে গেছে। স্টিভ জবসের নাম ভূমিকায় বেছে নেওয়া হয়েছে অ্যাস্টন কুচারকে। চলচ্চিত্রটি পরিচালনা করছেন জসুয়া মাইকেল স্টার্ন। আগামী বছর এই চলচ্চিত্রটি মুক্তি দেবার পরিকল্পনা করেছে ফাইভ স্টার।আইফোন, আইপড, আইপ্যাড নির্মাতা স্টিভ জবসকে নিয়ে চলচ্চিত্র অনুরাগীদের মধ্যেও আগ্রহ রয়েছে। বন্ধু স্টিভ ওজনিয়াককে নিয়ে অ্যাপল নামের ছোট একটি প্রতিষ্ঠানকে বিভিন্ন চড়াই-উতরাই পার করিয়ে কীভাবে বিশ্বের সেরা কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন এবং ঘাতক ব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াকু জীবনযাপন করে কীভাবে ব্যক্তি জীবনকে ভিন্নধারায় প্রবাহিত করেছিলেন সেই রোমাঞ্চকর কাহিনিগুলোই চলচ্চিত্রের পর্দায় আনতে দুটি স্টুডিও এখন লড়াই করছে। তবে, এই লড়াইয়ে চলচ্চিত্র অনুরাগীরা স্টিভ জবসকে যে নতুন করে দেখতে পাবেন সে কথা বলাই বাহুল্য। এর আগে স্টিভ জবসের চরিত্রকে একবার মাত্র চলচ্চিত্রে দেখার সুযোগ পেয়েছেন চলচ্চিত্রমোদীরা। ১৯৯৯ সালের `পাইরেটস অব সিলিকন ভ্যালি' নামের একটি টেলিফ্লিক বা টিভি-ছবিতে নোহ ওয়াইল স্টিভ জবসের চরিত্রকে ফুটিয়ে তুলেছিলেন।